রিয়াদ বিমানবন্দরে আবারও ভয়াবহ বিস্ফোরণ, বাতিল হচ্ছে ফ্লাইট

সৌদি আরবের রিয়াদে কি খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আজ শনিবার (১০ অক্টোবর) বিস্ফোরণে বেশ কয়েকজন আহত হয়েছেন। বিমানবন্দরের কিছু অংশ থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছে। দুজন প্রত্যক্ষদর্শী এবং বিষয়টি সম্পর্কে অবগত দুজনের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিমানবন্দরটিতে হুথিদের বারবার হামলার কারণে ইতোমধ্যে কিছু বিমান পরিষেবা সংস্থা তাদের ফ্লাইট বাতিল করেছে।

একজন প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ ঘটতে দেখেন এবং এরপর বিমানবন্দরের ভেতরে অনেক মানুষকে মাটিতে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ১২টির বেশি অ্যাম্বুলেন্সকে দ্রুত বিমানবন্দরের দিকে যেতে দেখা গেছে।

এ ঘটনার বিষয়ে মন্তব্যের অনুরোধে সৌদি সরকারের মিডিয়া অফিস বা সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তাৎক্ষণিক কোনো সাড়া দেয়নি।

সৌদি আরবের ওপর ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলা বেড়ে যাওয়ার মধ্যেই শনিবারের এ ঘটনা ঘটল। চলতি সপ্তাহে বিমানবন্দরটিতে ইতোমধ্যে দুবার হামলা হয়েছে। এতে চারজন নিহত ও আরও অনেকে আহত হয়েছেন এবং একটি বিমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফ্লাইট-ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটরাডার২৪’-এর তথ্যানুযায়ী, রিয়াদগামী সব ফ্লাইট হয় অন্য গন্তব্যে ঘুরিয়ে দেওয়া হয়েছে অথবা বাতিল করা হয়েছে। কেবল একটি হেলিকপ্টারকে বিমানবন্দরের ওপর চক্কর দিতে দেখা গেছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের পরামর্শ দিয়েছে, যেন তারা বিমানবন্দরে যাওয়ার আগে সরাসরি নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নেন।

কুয়েত এয়ারওয়েজ জানিয়েছে, রিয়াদ বিমানবন্দরের ‘নিরাপত্তা পরিস্থিতির’ কারণে বিমানবন্দরটি বন্ধ হয়ে যাওয়ায় তারা সৌদি আরবের রাজধানীতে তাদের সব ফ্লাইট বাতিল করেছে।

ইতিহাদ এয়ারওয়েজ ও কাতার এয়ারওয়েজ আগেই তাদের একাধিক ফ্লাইট বাতিল করেছে। এ ছাড়া কিছু ফ্লাইট বাতিলের সময়সীমা আগামী সোমবার পর্যন্ত বাড়ানো হয়েছে।

গত বৃহস্পতিবার ও সপ্তাহের শুরুর দিকে হুথিদের হামলার কারণে বেশ কয়েকটি বিমান সংস্থা সৌদির রাজধানীতে তাদের পরিষেবা স্থগিত বা বাতিল করেছিল।

রিয়াদে শিগগিরই বড় ধরনের জ্বালানি ও বিনিয়োগ বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই সম্মেলনের আয়োজকরা শনিবার জানিয়েছেন, পরিকল্পনা অনুযায়ীই সম্মেলনগুলো অনুষ্ঠিত হবে এবং তারা অংশগ্রহণকারীদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করার চেষ্টা করেছেন।

হুথিরা সৌদি আকাশসীমাকে সামরিক অভিযানের এলাকা হিসেবে ঘোষণা করে বিমান সংস্থাগুলোকে তা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। চলতি মাসের শুরুর দিকে সৌদি-সমর্থিত ইয়েমেনি সরকার হুথিদের বিরুদ্ধে অভিযান শুরু করার পর তারা এই ঘোষণা দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *