রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী ফের আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রা ও অবস্থান কর্মসূচির সময় বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে দিল্লি পুলিশ। টানা প্রায় ৯ ঘণ্টার নাটকীয় পরিস্থিতি শেষে মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৮টার দিকে আকাশবাণী ভবনের সামনে থেকে তাঁদের আটক করা হয়। খবর এনডিটিভির।

ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়ম ও নির্বাচন কমিশনের একতরফা সিদ্ধান্তের প্রতিবাদে বিরোধী জোট ‘ইন্ডিয়া’ -র সংসদ সদস্যরা সংসদ ভবন থেকে নির্বাচন কমিশন কার্যালয় (নির্বাচন সদন) অভিমুখে পদযাত্রা শুরু করেন। তবে পুলিশি বাধার মুখে পড়ে আকাশবাণী ভবনের কাছে সড়কে অবস্থান নেন রাহুল গান্ধীসহ বিরোধী নেতারা।

সেখানে রাহুল গান্ধী অভিযোগ করে বলেন, প্রায় ৩০০ জন প্রতিনিধি সদস্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে চাইলেও কমিশনার কথা বলতে ভয় পাচ্ছেন।

এমন পরিস্থিতিতে সন্ধ্যায় দিল্লি পুলিশ রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে জোরপূর্বক পুলিশ বাসে তুলে নিয়ে উত্তর দিল্লির কিংসওয়ে ক্যাম্প থানায় নিয়ে যায়। এদিনে দুপুরেও তাঁদের সাময়িকভাবে বাসে তুলে আটক করা হয়েছিল।

পরিস্থিতি প্রসঙ্গে নির্বাচন কমিশন রাত ৯টার দিকে এক বিবৃতিতে জানায়, পূর্ব নির্ধারিত সময় ছাড়া সরাসরি এত বড় প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ সাধারণ শিষ্টাচারবহির্ভূত।

এছাড়া দিল্লি পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলার স্বার্থেই অনুমতিহীন বিক্ষোভকারীদের সরিয়ে দিয়েছে।

কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী দলগুলো এখন থেকেই ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ প্রচারণাসহ আগামী ১ নভেম্বর রামলীলা ময়দানে বিশাল সমাবেশ এবং ২৬ নভেম্বর পর্যন্ত নানা আন্দোলনের কর্মসূচি হাতে নিয়েছে। ভারতের সুপ্রিম কোর্টেও এ সংক্রান্ত মামলাটি চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *