দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে রাতের মধ্যে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার (৭ মে) দুপুর ২টা ৩০ মিনিট থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালকের পক্ষে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত ওই বার্তায় বলা হয়েছে, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বৈরী আবহাওয়ার আশঙ্কায় উল্লিখিত অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চল ও নদী অববাহিকায় ঝড়ের তীব্রতা বেশি থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আবহাওয়াবিদদের মতে, লঘুচাপের প্রভাবে বায়ুমণ্ডলের অস্থিরতা বেড়ে যাওয়ায় এই কালবৈশাখী পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দিনের বেলা গরম অনুভূত হলেও ঝড়ের প্রভাবে রাতের তাপমাত্রায় কিছুটা স্বস্তি ফিরতে পারে। তবে নদীপথে চলাচলকারী ছোট ও মাঝারি ধরনের নৌযানগুলোকে সতর্কতার সাথে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।