রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত ‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার’ পুনঃপ্রতিষ্ঠায় ৫০ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন শেষে এই অনুদানের কথা ঘোষণা করেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানটি ঘুরে দেখার পর ডা. শফিকুর রহমান বলেন, আমাদের প্রাথমিকভাবে ঘোষণা করা সহায়তা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। এটা দিয়ে শুরু, এটা শেষ নয়। স্থানীয় জনগণের চিকিৎসাসেবা নিরবচ্ছিন্ন রাখতে প্রয়োজন হলে আরও সহায়তার আশ্বাস দিয়ে তিনি বলেন, প্রয়োজনে এই এলাকার মানুষের চিকিৎসার জন্য আরও যদি কিছু করতে হয়, তাহলে আমরা করব, ইনশাল্লাহ।
স্বাস্থ্যকেন্দ্রে বর্বরোচিত হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির বলেন, নিশ্চয়ই সরকারি দলের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় অপকর্ম করার সাহস কেউ করবে না। অপরাধী যেই হোক না কেন, তাকে দ্রুত আইনের আওতায় আনা উচিত।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতিতে গভীর উদ্বেগ জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, সরকারি দলের আশ্রয়-প্রশ্রয়েই দেশজুড়ে মব সন্ত্রাস চলছে। আর কোনো দুর্বৃত্ত যেন দেশের কোথাও কোনো অসামাজিক বা অপকর্ম করতে না পারে, সে ব্যাপারে সরকারকে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে তিনি রাড্ডার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও স্বাস্থ্যকেন্দ্রটি দ্রুত পুনরায় চালু করার কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
পরিদর্শনকালে জামায়াত আমিরের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, মহানগরী কর্মপরিষদ সদস্য নাসির উদ্দীন, শাহ আলম তুহিন, ডা. মঈনুদ্দিন, জি এম হাফিজুর রহমান ও মনিরুল ইসলাম মৃধা প্রমুখ।