চলতি অর্থবছরের নির্ধারিত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রাজস্ব আদায়ের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) আগারগাঁওয়ের এনবিআর ভবনে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) ও সৌদি আরব–বাংলাদেশ চেম্বারের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, দেশের শিল্প খাতকে শক্তিশালী করতে ব্যবসায়ীদের সঙ্গে সরকারের আলোচনা অব্যাহত থাকবে। শিল্প খাত ভালো না করলে অর্থনীতি শক্তিশালী হবে না। তাই শিল্পের সমস্যাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, বিটিএমএর পক্ষ থেকে বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরা হয়েছে। এর মধ্যে কয়েকটি বিষয়ে বৈঠকেই সমাধান হয়েছে। বাকি বিষয়গুলোও সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।
অর্থমন্ত্রী আরও বলেন, আমরা চাই আমাদের শিল্প খাত ভালো করুক। অর্থনীতি শক্তিশালী করতে হলে শিল্প খাতের উন্নয়ন জরুরি। আগামী দিনের প্রবৃদ্ধি ও কর্মসংস্থান অনেকটাই শিল্পের ওপর নির্ভর করছে।
তিনি জানান, ব্যবসা সহজ করতে সরকার বিভিন্ন ক্ষেত্রে নিয়ন্ত্রণ শিথিল করেছে। এরপরও যেসব সমস্যা রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা চলছে এবং পর্যায়ক্রমে সমাধান করা হবে।
বৈঠকে সৌদি আরবের সঙ্গে দক্ষতা উন্নয়ন, ব্যবসা সম্প্রসারণ এবং বিকল্প অর্থায়নের সুযোগ নিয়েও আলোচনা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী।
তিনি বলেন, সরকারের অর্থায়ন কাঠামো পরিবর্তনের প্রক্রিয়া চলছে। এ কারণে বিকল্প অর্থায়নের নতুন উৎস খোঁজা হচ্ছে। এ ক্ষেত্রে সৌদি আরবের সঙ্গে সহযোগিতার সম্ভাবনাও বিবেচনা করা হবে।
রাজস্ব আদায় প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, রেভিনিউ আদায় ইনশাআল্লাহ ভালো হবে। এনবিআরের সবাই প্রস্তুত রয়েছে। আমরা যে রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি, ইনশাআল্লাহ তা পূরণ হবে।
এসএন/পিডিকে