পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। আর তার আগে সমাজের বিভিন্ন ক্ষেত্রে তৈরি হচ্ছে নতুন সমীকরণ। দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস-এর ঘনিষ্ঠ মুখ হিসেবে পরিচিত দেব-এর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে শুরু হয়েছে জোর চর্চা।
বিধানসভা ফল ঘোষণার পর দেবের বার্তায় মিলল রাজনৈতিক সৌজন্যের পাশাপাশি শিল্পীসত্তা ও ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ। গতকাল বুধবার বিকেল ৫টায় বিজেপিকে শুভেচ্ছা জানিয়ে দেব লিখেছেন, ‘বঙ্গের নতুন সরকার গঠনের জন্য প্রাপ্ত জনসমর্থনের জন্য বিজেপিকে জানাই আন্তরিক অভিনন্দন। আশা করি, এই সরকার আমাদের রাজ্যের উন্নয়ন, শান্তি ও সামগ্রিক অগ্রগতির লক্ষ্যে কাজ করবে এবং সর্বস্তরের মানুষের কণ্ঠস্বরকে যথাযথ গুরুত্ব দেবে।’
চলচ্চিত্র জগৎ নিয়ে দেবের লেখায় উঠে এসেছে, ‘জনজীবন ও চলচ্চিত্র জগত—উভয়ের সঙ্গেই যুক্ত একজন হিসেবে, নতুন সরকারের কাছে আমার আন্তরিক আবেদন, ঐক্য ও সৃষ্টিশীল স্বাধীনতার পরিবেশ বজায় রেখে বাংলা চলচ্চিত্র শিল্পকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হোক। চলচ্চিত্রের অভ্যন্তর বিভাজন বা নিষেধাজ্ঞার সংস্কৃতি পরিহার করে পারস্পরিক সম্মান, সহাবস্থান ও সহযোগিতার মাধ্যমে এই শিল্পকে সমৃদ্ধ করা জরুরি। কারণ, সিনেমা শুধু বিনোদন নয়—এটি বাংলার সংস্কৃতি ও পরিচয়ের এক গুরুত্বপূর্ণ অংশ।’
সবশেষ ঘাটাল মাস্টার প্ল্যান সম্পর্কে দেব লিখেছেন, ‘ঘাটাল মাস্টার প্ল্যানের দ্রুত বাস্তবায়নের দিকেও নতুন সরকারের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। এটি ঘাটালবাসীর দীর্ঘদিনের দাবি ও অত্যন্ত প্রয়োজনীয় একটি প্রকল্প। রাজনৈতিক সীমারেখার ঊর্ধ্বে উঠে, এই পরিকল্পনার বাস্তবায়ন মানুষের জীবন ও জীবিকা রক্ষা করবে এবং ঘাটালের ভবিষ্যৎকে আরও সুরক্ষিত ও স্থিতিশীল করে তুলবে।’