রাজধানীর উত্তরায় আন্দোলনরত শিক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ

চলমান এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রে ত্রুটি ও পরীক্ষা পদ্ধতি পরিবর্তন এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর উত্তরায় এখনও অবস্থান করছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এর ফলে ঢাকা-বিমানবন্দর সড়ক ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, চলমান এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ও পরীক্ষা পদ্ধতিতে বড় ধরনের অব্যবস্থাপনা লক্ষ্য করা গেছে। বিশেষ করে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষায় ৬ ও ৭ নম্বর প্রশ্নে গুরুতর ত্রুটি ছিল। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যা ও অতিবৃষ্টির কারণে অনেক পরীক্ষার্থী সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারছেন না। এই দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যেও পরীক্ষা চালিয়ে যাওয়া এবং শিক্ষামন্ত্রীর কোনো কার্যকর পদক্ষেপ না নেয়ার প্রতিবাদে শিক্ষার্থীরা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা তাদের আন্দোলন থেকে বর্তমান শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৮টি দাবি জানান।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো:

১. প্রশ্নপত্র ও পরীক্ষা পদ্ধতির ব্যর্থতার দায় স্বীকার করে শিক্ষা মন্ত্রণালয়কে আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা করতে হবে।

২. এইচএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে কোনো ধরনের বিতর্কিত পরীক্ষা-নিরীক্ষা বা গবেষণা চালানো বন্ধ করতে হবে।

৩. দেশব্যাপী অনুকূল পরিবেশ ও বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখতে হবে।

৪. পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নের ত্রুটির জন্য সংশ্লিষ্টদের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

৫. প্রশ্নপত্রের ত্রুটির কারণে বিজ্ঞান বিভাগের সব বোর্ডের পরীক্ষার্থীদের বাধ্যতামূলক ১৪ নম্বর ক্ষতিপূরণ হিসেবে প্রদান করতে হবে।

৬. সামগ্রিক শিক্ষাব্যবস্থাকে শিক্ষার্থী-বান্ধব ও মানসিক চাপমুক্ত করতে হবে।

৭. বিগত দুই বছরের প্রস্তুতির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রশ্নপত্রের মান উন্নয়ন করতে হবে।

৮. শিক্ষা ব্যবস্থা সংস্কারে সরকারকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করতে হবে।

এদিকে, শিক্ষার্থীদের আকস্মিক অবরোধের ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও এর আশেপাশের সংযোগ সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দীর্ঘ সময় গাড়ি আটকে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও চালকেরা। অনেককে পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে দেখা গেছে।

উত্তরা জোন ডিএমপির যুগ্ম কমিশনার শামস জানান, পুলিশ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার এবং মহাসড়ক থেকে তাদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে শিক্ষার্থীরা তাদের আন্দোলন চলমান ও মহাসড়ক অবরোধ অব্যাহত রেখেছে।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *