রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ২৬ সদস্য গ্রেপ্তার

রাজধানীজুড়ে গত ২৪ ঘণ্টায় পরিচালিত বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের ২৬ জন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ঢাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে এই অভিযান পরিচালনা করা হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) দিনগত রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপির মিডিয়া সেল।

পুলিশ ও গোয়েন্দা সূত্র জানায়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, জননিরাপত্তা বিঘ্নিত করার ষড়যন্ত্র এবং বিভিন্ন ধরনের অপরাধমূলক তৎপরতা ঘটতে পারে- এমন সুনির্দিষ্ট আশঙ্কায় গত দুদিন ধরে রাজধানীজুড়ে কঠোর সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় ঢাকার বিভিন্ন থানা এলাকায় চিরুনি অভিযান চালিয়ে এই ২৬ জনকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, দেশের সার্বিক নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে গত ২২ জুন থেকে আগামী ৩০ জুন পর্যন্ত ঢাকাসহ দেশের ৬টি জেলায় সেনাবাহিনী মোতায়েন করা রয়েছে। রাজধানীতে বিজিবি ও পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর এই সতর্ক অবস্থানের মধ্যেই ডিএমপি এই বিশেষ অভিযান পরিচালনা করল। নাশকতার ছক ও অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি নিরাপত্তা নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে ডিএমপি সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *