রাজধানীতে নিয়ন্ত্রণ হারিয়ে চার গাড়িতে লরির ধাক্কা, নিহত ২

রাজধানীর মগবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি কয়েকটি যানবাহনে ধাক্কা দেওয়ায় দুজন নিহত হয়েছে। তারা হলেন- রিয়াদ হোসেন (২২) ও জামান আহমেদ (৪২)। রোববার (৯ আগস্ট) মধ্যরাতে মগবাজার ওয়্যারলেস গেইট এলাকায় গ্রান্ড শপিং কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. বাবুল বলেন, “কনটেইনারবাহী লরিটি একটি সিএনজি অটোরিকশা, দুটি মোটরসাইকেল ও একটি কারকে ধাক্কা দিয়েছে। এতে ওই যানবাহনগুলো দুমড়ে-মুচড়ে গেছে। গুরুতর আহত অন্তত চারজনকে আশপাশের লোকজন হাসপাতালে নিয়ে গেছে।”

ঘটনার প্রত্যক্ষদর্শী দোকানকর্মী নাসির হোসেন বলেন, মগবাজার ফ্লাইওভার থেকে নামার সময় ১৪ চাকার লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। দুটি মোটরসাইকেল, একটি সিএনজি অটোরিকশা ও একটি কারকে ধাক্কা দিয়ে ফুটপাত ঘেঁষে সেটি থেমে যায়। গাড়িটির চালক তখনই নেমে পালিয়ে গেছে।”

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, আহতদের হাসপাতালে আনার পর চিকিৎসকরা দুজনকে মৃত ঘোষণা করেন।

এর আগে শনিবার রাতে ঢাকার জাহাঙ্গীর গেট এলাকায় কাভার্ড ভ্যান চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। সেলিম শেখ নামে ওই তরুণ রাইড শেয়ারিংয়ে মোটরসাইকেল চালাতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *