রহস্যময় ছবিতে ‘কাটার মাস্টার’, মুস্তাফিজকে ঘিরে দুবাইয়ের চমক

চেহারা নেই, নামও নেই! আছে শুধু বল ছাড়ার মুহূর্তের এক ঝলক অবয়ব। সেই একটুকু দেখেই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেটপ্রেমীরা ধরে ফেললেন পরিচিত মুখটিকে। দুবাই ক্যাপিটালস রহস্য রেখে যে বাঁহাতি পেসারের পরিচয় জানতে চেয়েছিল, ভক্তদের কাছে সেই রহস্যের উত্তর দিতে খুব বেশি সময় লাগেনি-তিনি বাংলাদেশের মুস্তাফিজুর রহমান।

সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টির আসন্ন মৌসুমে আবারও দুবাই ক্যাপিটালসের জার্সিতে দেখা যাবে বাংলাদেশের এই বাঁহাতি পেসারকে। দ্বিতীয়বারের মতো ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলতে যাচ্ছেন তিনি। তবে এবার তাঁকে পরিচয় করিয়ে দিতে গিয়ে বেশ অভিনব পথ বেছে নিয়েছে দুবাই।

গত রাতে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে মুস্তাফিজের চেহারা প্রকাশ না করে শুধু তার বোলিং অ্যাকশনের আদলে একটি ফটোকার্ড প্রকাশ করে দুবাই ক্যাপিটালস। সঙ্গে ছুড়ে দেয় প্রশ্ন-এই খেলোয়াড় কে? ক্যাপশনে ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, ‘দক্ষিণ এশিয়ার এক বাঁহাতি বোলার যিনি ব্যাটারদের মনে ভয় ধরিয়ে দেন।’

তবে ক্রিকেটপ্রেমীদের কাছে ধাঁধাটি খুব একটা কঠিন ছিল না। বিশেষ করে বাংলাদেশের সমর্থকেরা ছবিটি দেখেই চিনে ফেলেন মুস্তাফিজকে। পোস্টের মন্তব্যঘর মুহূর্তেই ভরে ওঠে বাংলাদেশের ক্রিকেটভক্তদের প্রতিক্রিয়ায়। কেউ তাকে ‘কাটার মাস্টার’ হিসেবে অভিহিত করেছেন, কেউ আবার বাংলাদেশের পতাকার ইমোজি দিয়ে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

মুস্তাফিজকে চেনার কারণটাও অবশ্য অজানা নয়। তার বোলিং অ্যাকশন যেমন আলাদা, তেমনি ব্যাটারদের বিপাকে ফেলার অস্ত্রও বেশ পরিচিত। বাঁহাতের কাটার, স্লোয়ার আর গতির বৈচিত্র্য দিয়ে দীর্ঘদিন ধরেই টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন তিনি। সেই কারণেই শুধু বোলিংয়ের ভঙ্গি দেখিয়েও তাকে নিয়ে খুব বেশি রহস্য তৈরি করা যায়নি।

আইএল টি-টোয়েন্টিতেও এরই মধ্যে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন মুস্তাফিজ। গত বছর প্রথমবারের মতো এই লিগে খেলেন তিনি। দুবাই ক্যাপিটালসের হয়ে আট ম্যাচে ৮.০৮ ইকোনমিতে নিয়েছিলেন ১৫ উইকেট। তার পারফরম্যান্স দলটির বোলিং আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও শেষ পর্যন্ত এলিমিনেটরেই থেমে যায় দুবাইয়ের পথ। শিরোপা জেতে ডেজার্ট ভাইপার্স।

এবার নতুন মৌসুমে তাই আবারও মুস্তাফিজের ওপর ভরসা রাখছে দুবাই ক্যাপিটালস। আইএল টি-টোয়েন্টির এবারের আসর শুরু হবে ২২ নভেম্বর, চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। গতবারের অভিজ্ঞতার পর এবার আরও বড় ভূমিকা নিয়েই মাঠে নামার সুযোগ রয়েছে বাংলাদেশের এই পেসারের সামনে।

বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে মুস্তাফিজের উপস্থিতিও এখন আর নতুন কোনো ঘটনা নয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগের পাশাপাশি বিশ্বের একাধিক টি-টোয়েন্টি প্রতিযোগিতায় নিয়মিতই দেখা যায় তাকে। আইপিএল, সিপিএল, পিএসএল, এলপিএল এবং আইএল টি-টোয়েন্টি-বিদেশের পাঁচটি বড় টি-টোয়েন্টি লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তার।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *