ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে রিমন মিয়া (২১) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার (১১ মে) বেলা ৩টার দিকে উপজেলার শেখ হাসিনা কলেজ মাঠের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রিমন উপজেলার পাহাড়িয়াকান্দি ইউনিয়নের ফোরকান মিয়ার ছেলে। দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যার পর মরদেহ রাস্তার পাশে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে কয়েকজন পথচারী রক্তাক্ত অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে বাঞ্ছারামপুর মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের পরিচয় শনাক্তের কাজ শুরু করে। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়লে নিহতের চাচাতো বোন নাহার আক্তার ঘটনাস্থলে এসে মরদেহটি শনাক্ত করেন।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন জানান, প্রাথমিকভাবে মরদেহের আলামত দেখে এটি নিশ্চিত হত্যাকাণ্ড বলে প্রতীয়মান হচ্ছে। নিহতের নাকের ডগা দিয়ে গুলি বের হওয়ার চিহ্ন পাওয়া গেছে এবং মরদেহের পাশ থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে।