যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও সংঘাত শুরু হওয়ার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছেন ইরানের এক শীর্ষ সামরিক কর্মকর্তা। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইরানের সামরিক সদর দপ্তরের উপ-পরিদর্শক মোহাম্মদ জাফর আসাদি বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, যুক্তরাষ্ট্র কোনো প্রতিশ্রুতি বা চুক্তি মেনে চলে না। খবর আনাদোলুর।
আসাদি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বক্তব্য ও পদক্ষেপ মূলত ‘গণমাধ্যমকেন্দ্রিক’। এর উদ্দেশ্য হলো- তেলের দাম কমে যাওয়া ঠেকানো এবং নিজেদের তৈরি সংকট থেকে বের হওয়ার চেষ্টা করা।
আসাদি বলেন, যুক্তরাষ্ট্রের যেকোনো নতুন সামরিক দুঃসাহসিকতা বা ভুল হিসাবের মোকাবিলায় ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা শুরু করলে পাল্টা প্রতিক্রিয়া দেখায় তেহরান। উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের লক্ষ্য করে হামলা চালানোর পাশাপাশি ইরান বন্ধ করে দেয় গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি। এ ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় প্রভাব ফেলেছে।
পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। এরপর ১১-১২ এপ্রিল ইসলামাবাদে দুই পক্ষের মধ্যে আলোচনা হলেও কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরে পাকিস্তানের অনুরোধে একতরফাভাবে যুদ্ধবিরতির সময়সীমা বাড়ান।
এরই মধ্যে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফিরতে নতুন প্রস্তাব ইসলামাবাদে পাঠিয়েছে তেহরান।
তবে নতুন করে আলোচনা শুরু হলেও তা সফল হবে কি না, তা এখনও অনিশ্চিত। দুই দেশের মধ্যে অবিশ্বাস ও চলমান উত্তেজনার কারণে পরিস্থিতি আবারও সংঘাতের দিকে গড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।