মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সড়কে ঝরল বাবা-ছেলের প্রাণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার কালিদহ এলাকায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ৯টার দিকে হাফেজিয়া এলাকার আলম ব্রিক ফিল্ডের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের রাজাপুর গ্রামের নুর আলম (৪৫) ও তার ছেলে মো. নিরব (২৫)। নুর আলম পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক ছিলেন। এই ঘটনায় তার ভাগনে আফজাল মিঠু গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, সকালে ছেলে ও ভাগনেকে নিয়ে মোটরসাইকেলযোগে বোনের বাড়ি ভাঙার তাকিয়া থেকে ফেনী শহরে ফিরছিলেন নুর আলম। পথে হাফেজিয়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নুর আলমের মৃত্যু হয়। স্থানীয়রা আহত নিরব ও মিঠুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে নিরবও মারা যান। আহত মিঠুকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার পর বাসের চালক গাড়িটি থামিয়ে দ্রুত পালিয়ে যান। খবর পেয়ে মহিপাল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। ঘাতক চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতিসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *