মেসি-রোনালদো ‘মুখোমুখি’, টিকিটের বাজার চড়া

ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি, দুজনই আপন আলোয় উজ্জ্বল। সম্ভাব্য শেষ বিশ্বকাপে দুজনই দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন। দুজনের দেখাও হয়ে যেতে পারে বিশ্বমঞ্চে। আর তা নিয়েই চলছে জল্পনা-কল্পনা।

এবার কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও পর্তুগাল মুখোমুখি হতে পারে—এমন সম্ভাবনা জাগার পর টিকিটের বাজারেও ব্যাপক প্রভাব ফেলেছে এটি। যুক্তরাষ্ট্রের অ্যারোহেড স্টেডিয়ামে বসতে যাওয়া সম্ভাব্য এই ম্যাচের টিকিটের দাম ইতোমধ্যে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। সবচেয়ে সস্তা টিকিটের মূল্য প্রায় ৩ হাজার ৯০০ ডলার।

নিচের সারির আসনের টিকিট বিক্রি হচ্ছে ৫ হাজার থেকে ১০ হাজার ডলারে। আর প্রিমিয়াম আসনের দাম ১৩ হাজার ডলার ছাড়িয়ে গেছে। পূর্ণ সূচি প্রকাশের ৭২ ঘণ্টার মধ্যেই আর্জেন্টিনার ম্যাচের টিকিটের দাম প্রায় ১৭৫ শতাংশ বেড়ে যায় বলে জানা গেছে।

ম্যাচটি অবশ্য এখনও নিশ্চিত নয়। তবে আর্জেন্টিনা ও পর্তুগাল উভয় দলই নকআউট পর্বে জায়গা পাওয়ার পথে থাকায় সমর্থকদের মধ্যে আগ্রহ বেড়ে চলেছে।

ফুটবলপ্রেমীদের অনেকের মতে, মেসি-রোনালদোর সম্ভাব্য এই ম্যাচটি হবে আধুনিক ফুটবলের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতার শেষ অধ্যায়। তবে টিকিটের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে হাজার হাজার সমর্থক হয়তো মাঠে বসে নয়, টেলিভিশনের পর্দায়ই দেখতে বাধ্য হবেন সেই বহুল প্রতীক্ষিত মহারণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *