ফুটবল বিশ্বকাপ মানেই উন্মাদনা, আর সেই উন্মাদনার কেন্দ্রে যদি থাকেন আলবিসেলেস্তে জাদুকর লিওনেল মেসি, তাহলে উত্তেজনার পারদ ওঠাটা স্বাভাবিক। ২০২৬ ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই মাঠে নেমেই দেখালেন নিজের চিরচেনা জাদু। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের মাত্র ১৭ মিনিটেই প্রথম গোল করে দলকে এগিয়ে নেওয়ার পর তুলে নিয়েছেন দুর্দান্ত এক হ্যাটট্রিক। আর সেই রাজকীয় পারফরম্যান্সে উচ্ছ্বাসে ভেসেছে শোবিজ তারকারা।
আর্জেন্টিনার এমন দুর্দান্ত জয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আনন্দ ভাগ করে নিয়েছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরী মণি। খেলা দেখার একটি ছবি ফেসবুকে পোস্ট করে তিনি লিখেছেন, ‘আমার ছোট্ট মেসি, মাশাআল্লাহ।’
এদিকে আর্জেন্টিনার জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। যেখানে আর্জেন্টিনার পতাকার ইমোজি জুড়ে দিয়ে মেহজাবীন লিখেছেন, ‘ঠিক আছে শুভরাত্রি।’
প্রিয় তারকার গোলের পর নিজেকে আর ধরে রাখতে পারেননি তরুণ অভিনেত্রী কেয়া পায়েল। মেসির এই অনন্য জাদুতে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে উঠেছেন তিনি। লিওনেল মেসির একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে নিজের তুমুল আবেগ ও আনন্দ প্রকাশ করেছেন এই অভিনেত্রী। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মেসিইইইই, মেসিইইইই, লিও মেসিইইইইইইই সব সময়ই সে। আর্জেন্টিনার হয়ে প্রথম গোলটি করলেন মেসি, কী দারুণ গোল! ২০২৬ বিশ্বকাপে নিজের উদ্বোধনী ম্যাচের মাত্র ১৭ মিনিটের মাথায় গোল করলেন তিনি।’
ছোট পর্দার আরেক জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘বিজয়ীর মানসিকতা! অভিনন্দন আর্জেন্টিনা, মেসি।’
আর্জেন্টিনার দুর্দান্ত জয়ে জনপ্রিয় সংগীতশিল্পী তাসরীফ খান মেসির ছবি পোস্ট করে লিখেছেন, ‘সারাজীবন বুক ফুলায় বলবো আমরা মেসির খেলা দেখা জেনারেশন! হোয়াট অ্যান এক্সট্রাঅর্ডিনারি হ্যাটট্রিক ফর মেসি! হোয়াট আ প্লেয়ার।’
মেসির হ্যাটট্রিকে শুধু উচ্ছ্বাসই নয়, প্রতিপক্ষ সমর্থকদের উদ্দেশে একটু মিষ্টি খোঁচাও দিয়েছেন ছোট পর্দার পরিচিত মুখ খায়রুল বাসার। মেসির ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘প্রথম দিনেই হ্যাটট্রিক, রাগ করলা?’
একই সুরে সুর মিলিয়েছেন অভিনেতা ইরফান সাজ্জাদও। প্রতিপক্ষ সমর্থকদের উদ্দেশ্যে তিনি লিখেছেন, ‘বুঝলাম না মেসি পেনাল্টি থেকে পরপর তিনটা গোল দিয়ে দিল, আর তোমাদের কোন আওয়াজ নাই! রাগ করলা নাকি?’
এদিকে ফুটবল মাঠের প্রতিদ্বন্দ্বিতা ভুলে ক্রীড়াসুলভ মানসিকতার দারুণ নজির দেখিয়েছেন সংগীতশিল্পী। নিজে ব্রাজিলের সমর্থক হলেও আর্জেন্টিনার জন্য শুভকামনা জানিয়ে ব্রাজিলের জার্সি পরা একটি ছবি পোস্ট করে পড়শী লিখেছেন, ‘আমি ব্রাজিল সমর্থক হলেও আর্জেন্টিনার জন্য শুভকামনা। কারণ আমি ব্রাজিল আর্জেন্টিনা ফাইনাল দেখতে চাই।’