লিওনেল মেসি ও আর্জেন্টিনার ভক্তরা থমকে গিয়েছিলেন গতকাল। ইন্টার মায়ামির হয়ে মৌসুমের শেষ ম্যাচে হঠাৎ অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন মেসি। ঊরু চেপে ধরে মাঠ ছাড়তে দেখা যায় তাকে। বিশ্বকাপ সামনে। এমন সময়ে মেসির চোটের শঙ্কায় ভয় জেগেছিল ভক্তদের মনে।
তবে, শঙ্কা কেটে গেছে। আজ মঙ্গলবার (২৬ মে) ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, মেসি ঠিক আছেন। তার গুরুতর কিছু হয়নি। বিশ্বকাপে অংশ নিতে পারবেন আর্জেন্টিনা অধিনায়ক।
মেসির ক্লাব ইন্টার মায়ামিও জানিয়েছে, মেডিকেল পরীক্ষায় গুরুতর কোনো চোট ধরা পড়েনি। তার বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে অতিরিক্ত চাপের কারণে সামান্য পেশির টান তৈরি হয়েছে। তবে মাঠে ফেরার সম্ভাব্য সময় সম্পর্কে এখনও নির্দিষ্ট কিছু জানানো হয়নি।
সোমবার ঘরের মাঠ নু স্টেডিয়ামে ফিলাডেলফিয়ার বিপক্ষে মাঠে নামে মায়ামি। মেজর লিগ সকারে এটিই ছিল মৌসুমের শেষ ম্যাচ। এমন ম্যাচে ৬-৪ গোলে জেতে মায়ামি। ৭৩ মিনিটে মাঠ ছাড়েন মেসি।
মেসি নিজেই সতর্কতা হিসেবে মাঠ থেকে উঠে যাওয়ার অনুরোধ করেছিলেন। সেই সময় তিনি হ্যামস্ট্রিংয়ে হালকা টান অনুভব করছিলেন। কোনো নির্দিষ্ট আঘাত ধরা না পড়লেও মেসি কোনো ঝুঁকি নিতে রাজি হননি।