মুগদা হাসপাতালকে আরও কার্যকর করা হবে : সড়ক প্রতিমন্ত্রী

সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালকে আরও কার্যকর ও সক্ষম করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপহার হিসেবে দেওয়া একটি মাইক্রোবাস ও একটি পিকআপ হস্তান্তর এবং কালেকশন বুথ ও ইলেকট্রনিক্স বুথ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সড়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৯ আসনের সংসদ সদস্য হাবিবুর রশিদ হাবিব এসব কথা বলেন।

হাবিব বলেন, মুগদা, বাসাবো ও সবুজবাগ এলাকার অধিকাংশ মানুষ সরকারি হাসপাতালের চিকিৎসাসেবার ওপর নির্ভরশীল। তাদের স্বাস্থ্যসেবার জন্য সরকারি হাসপাতালকে আরও কার্যকর করা প্রয়োজন। বিশেষ করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সক্ষমতা বাড়াতে আরও উদ্যোগ নেওয়া হবে।

প্রতিমন্ত্রী বলেন, মুগদা, বাসাবো ও সবুজবাগ এলাকার দরিদ্র রোগীরা মহান আল্লাহর পর সরকারি হাসপাতালের সেবার ওপরই নির্ভর করেন।

তাই এ হাসপাতালকে গরিব মানুষের সেবায় আরও কার্যকর করে তুলতে হবে। রোগীদের দ্রুত ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় সহায়ক অবকাঠামোও উন্নত করা জরুরি। তিনি সরকারি হাসপাতালের চিকিৎসাসেবা ও অবকাঠামোগত সক্ষমতা বাড়াতে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

হাবিবুর রশিদ হাবিব বলেন, সরকারি হাসপাতালগুলোতে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক সংগঠনের সহযোগিতা গুরুত্বপূর্ণ। এ ধরনের সহযোগিতার মাধ্যমে হাসপাতালের পরিবহন সুবিধা, রোগীসেবা এবং অন্যান্য অবকাঠামোগত সক্ষমতা আরও বাড়ানো সম্ভব।

অনুষ্ঠানে বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালকে একটি মাইক্রোবাস ও একটি পিকআপ উপহার দেওয়া হয়। হাসপাতালের প্রয়োজনীয় কাজে এসব যানবাহন ব্যবহার করা হবে।

একই সঙ্গে রোগীদের সেবা কার্যক্রম আরও সহজ ও দ্রুত করতে হাসপাতালের কালেকশন বুথ ও ইলেকট্রনিক্স বুথ উদ্বোধন করা হয়।

প্রতিমন্ত্রী এ সহযোগিতার জন্য সংশ্লিষ্ট বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও সরকারি হাসপাতালের সেবার মানোন্নয়নে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। তিনি বলেন, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতালগুলোকে আরও আধুনিক, সক্ষম ও জনবান্ধব করে গড়ে তোলা প্রয়োজন। এজন্য চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। রোগীদের চিকিৎসাসেবার পাশাপাশি হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা ও প্রয়োজনীয় সহায়ক সুবিধার উন্নয়নেও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *