‘মা-বাবা, তোমাদের ভালোবাসি’ লিখে শিক্ষার্থীর আত্মহত্যা

ভারতের উত্তরাখণ্ডের দেরাদুনে ২৩ বছর বয়সী এক তরুণী তার বাবা-মায়ের জন্য একটি ‘আই লাভ ইউ’ চিরকুট রেখে নিজ বাসায় আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। খবর এনডিটিভির।

মঙ্গলবার (১৬ জুন) সকালে নিজের রুমে রিয়া কুমারী থাপা নামের ওই তরুণীকে মৃত অবস্থায় পাওয়া যায়।

প্রতিবেদনে বলা হয়, এদিন দুপুরের খাবারের জন্য ডাকতে যান রিয়ার মা। কিন্তু সে দরজা খোলেনি। এরপর মা তার বাবাকে খবর দেন। পরে পরিবারের সবাই দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

রিয়ার ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে হিন্দিতে লেখা রয়েছে, ‘আমি তোমাদের ভালোবাসি মা-বাবা। কারও কোনো দোষ নেই।’

পুলিশ কর্মকর্তা অঙ্কিত কান্দারি জানান, রিয়া রাতে পড়াশোনা করত এবং সাধারণত দেরিতে ঘুম থেকে উঠত। নোটে সে তার বাবার প্রতি ভালোবাসা প্রকাশ করে এবং বলেছে, তার মৃত্যুর জন্য কাউকে দোষ দেওয়া যায় না, বরং এই সিদ্ধান্তের জন্য সে নিজের অযোগ্যতাকে দায়ী করে।

অঙ্কিত কান্দারি আরও বলেন, পড়াশোনায় সাফল্য না পাওয়ার হতাশা থেকে এ চরম পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

দ্বাদশ শ্রেণিতে ৯৭ শতাংশ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছিল রিয়া। আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য ন্যাশনাল এলিজিবিলিটি-কাম-এন্ট্রান্স টেস্টের পুনঃপরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *