‘মালিক’ ঝলকে মারদাঙ্গা আরিফিন শুভ : কি ভাবসিলি… মইরা গেসি?

কোরবানির ঈদকে কেন্দ্র করে সিনেমা অঙ্গনে যখন জমজমাট পরিস্থিতি, তখন আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে আরিফিন শুভর ‘মালিক’ সিনেমা। মুক্তির ঘোষণা আসার পর থেকেই যেটা নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছিল, এবার সেই ট্রেইলারেই দেখা মিলেছে একেবারে ভিন্ন রূপের শুভকে।

ট্রেইলারের শুরু থেকেই ধরা পড়ে কঠিন, রুক্ষ আর সংঘাতময় এক পরিবেশ। আর সেই পরিবেশের মাঝেই শুভকে দেখা যায় টানা অ্যাকশনের ভেতর—এক মুহূর্তের জন্যও থামছে না লড়াই, থামছে না প্রতিশোধের আগুন। কোথাও ক্ষোভ, কোথাও বেদনা—সব মিলিয়ে পুরো ট্রেইলারজুড়ে তিনি যেন এক নতুন রূপে হাজির।

একটি সংলাপেই যেন পুরো ট্রেইলারের আবহ ছড়িয়ে পড়ে—‘কি ভাবসিলি… মইরা গেসি?’ এই মুহূর্তেই সামাজিক মাধ্যমে শুরু হয় নতুন আলোচনা। দর্শকদের অনেকেই বলছেন, এটি শুভর অ্যাকশন ঘরানার সবচেয়ে তীব্র উপস্থিতিগুলোর একটি।

সিনেমাটিতে তার বিপরীতে আছেন বিদ্যা সিনহা মিম । ট্রেইলারে তাদের সম্পর্কের ইঙ্গিতও পাওয়া যায়, যেখানে লড়াইয়ের পাশাপাশি আবেগ আর টানাপোড়েনও স্পষ্ট হয়ে ওঠে।

গল্পের কেন্দ্রে আছে এক জেদি মানুষের যাত্রা, যে মায়ের সম্মান ও অধিকার রক্ষার লড়াই শুরু করতে গিয়ে ধীরে ধীরে অপরাধ জগতের ভয়ংকর এক শক্তিতে পরিণত হয়। সেই চরিত্রেই শুভকে দেখা যাবে সম্পূর্ণ ভিন্ন এক ভঙ্গিতে।

পরিচালক সাইফ চন্দন জানিয়েছেন, এটি শুধু অ্যাকশন নির্ভর গল্প নয়, বরং সম্পর্ক, ক্ষোভ আর ভাঙনের ভেতর দিয়ে এগোনো এক আবেগঘন যাত্রা।

ট্রেইলার প্রকাশের পর থেকেই একটাই কথা ঘুরছে দর্শকদের মুখে—শুভ এবার শুধু ফিরেননি, যেন পুরোপুরি আঘাত করে ফিরেছেন পর্দায়।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *