হরমুজ প্রণালি এলাকায় সামুদ্রিক নিরাপত্তা অভিযানে নিয়োজিত মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকনে’ সেনাসদস্যদের মৃত্যুর তথ্য সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
ইরানি গণমাধ্যমসহ কয়েকটি সংবাদমাধ্যম দাবি করে, দীর্ঘ দিন সাগরে মোতায়েন থাকার কারণে সৃষ্টি হওয়া মানসিক চাপের জেরে রণতরীটির ক্রুদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে মার্কিন নৌবাহিনীর অন্তত সাতজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন বলে ইরানের মেহর নিউজ এজেন্সি খবর প্রকাশ করে।
উঠে আসা এসব প্রতিবেদন প্রত্যাখ্যান করে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্সের বিবৃতিতে সেন্টকম জানায়, আব্রাহাম লিংকন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের নাবিক এবং মেরিন সদস্যরা টানা ২৬০ দিনেরও বেশি সময় সাগরে কাটানোর পরও অত্যন্ত দৃঢ় ও সংকল্পবদ্ধ রয়েছেন।
সেন্টকম আরও স্পষ্টভাবে নিশ্চিত করে, এই বিমানবাহী রণতরীতে কোনো সামরিক সদস্যের মৃত্যু হয়নি। গত ৩ আগস্ট কেবল একজন নাবিক ওভারবোর্ডে (জাহাজ থেকে পানিতে) পড়ে গিয়েছিলেন, যাকে অত্যন্ত দ্রুত ও নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।