মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনকে মানবসেবায় নিয়োজিত অসাধারণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গঠিত, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশীর্বাদে সিক্ত এবং তারেক রহমানের উদ্যোগ ও অনুপ্রেরণায় স্থাপিত বাংলাদেশে মানবিকতার এক অসাধারণ দৃষ্টান্ত।

হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমান বলেন, বিগত ২৭ বছর মানবসেবার ছোট চারাগাছ থেকে আজ এই প্রতিষ্ঠান মহিরুহে পরিণত হওয়ার পথে রয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভলগ্নে ফাউন্ডেশনের সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানান তিনি।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. জুবাইদা রহমান।

রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এ আয়োজন করা হয়। দিবসটি ঘিরে বিশেষ এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির সদস্যসচিব অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের পরিচালক ও কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে জিয়াউর রহমান ফাউন্ডেশনের সেবামূলক কাজ নিয়ে একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান বলেন, মানুষের জন্য মানুষ। ‘একটু চেষ্টা, একটি উদ্যোগ’—এই সংকল্পে জিয়াউর রহমান ফাউন্ডেশন এগিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন সবসময় বাংলাদেশের সর্বত্র প্রতিটি মানুষের পাশে থেকেছে, ভবিষ্যতেও থাকবে।

জুবাইদা রহমান আরও বলেন, আমি আশা করি, বিভিন্ন মানবসেবী কর্মকাণ্ডের মাধ্যমে জিয়াউর রহমান ফাউন্ডেশন ভবিষ্যতে সারা বিশ্বে মানবিকতার উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে।

এর আগে, জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত আইডিয়া ফেস্ট প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে চেক ও সনদ বিতরণ করা হয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় দল। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি সুভেনিয়রের মোড়ক উন্মোচন করা হয়।

জিয়াউর রহমান ফাউন্ডেশন একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে ১৯৯৯ সালের ১৮ অক্টোবরযাত্রা শুরু করে। বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি রক্ষার্থে এটি প্রতিষ্ঠা করেন।

‘একটি উদ্যোগ, একটু চেষ্টা এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা’—স্লোগানকে ধারণ করে গরিব এবং অসহায় মানুষের কাছে ছুটে যায় জেডআরএফ। ইতোমধ্যে মানবসেবার অসংখ্য দৃষ্টান্তমূলক কাজের মাধ্যমে সারা দেশে ব্যাপক পরিচিতি ও সুনাম লাভ করেছে সংগঠনটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *