মাইক্রোসফটের সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হলেন নীলফামারীর সোহান

বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন ও প্রযুক্তি প্রতিষ্ঠান ‘গুগল’-এ তিন বছরেরও বেশি সময় সফলতার সঙ্গে কাজের পর এবার মার্কিন প্রযুক্তি জায়ান্ট ‘মাইক্রোসফট’-এ সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দিয়েছেন নীলফামারীর ডোমার উপজেলার কৃতি সন্তান আল নাসিরুল্লাহ সিদ্দিকী সোহান। আজ বুধবার (২৬ আগস্ট) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

সোহান ডোমার পৌর শহরের পল্টনপাড়া এলাকার সাবেক ভূমি কর্মকর্তা হামিদার রহমান ও গৃহিণী উম্মে আয়েশা সিদ্দিকা দম্পতির ছোট ছেলে।

ফেসবুক স্ট্যাটাসে সোহান লেখেন, ‘আলহামদুলিল্লাহ। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমি মাইক্রোসফটে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগদান করেছি। সবাই আমার জন্য দোয়া করবেন।’

সোহান ২০১১ সালে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৩ সালে রংপুর সরকারি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি ২০১৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। স্নাতকের পরই তিনি দেশের বেসরকারি প্রতিষ্ঠান ‘অরবিটেকস’-এ ১১ মাস এবং ‘স্যামসাং বাংলাদেশ’-এ এক বছরের মতো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন।

এরপর ২০২০ সালে উচ্চশিক্ষার উদ্দেশ্যে পাড়ি জমান জার্মানিতে। সেখানে ‘টেকনিক্যাল ইউনিভার্সিটি অব ডর্টমুন্ড’-এ ডেটা সায়েন্সে স্নাতকোত্তর পড়ালেখার পাশাপাশি গুগলের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেন। সব ধাপ সফলভাবে পার হয়ে ২০২২ সালের নভেম্বরে গুগলের পোল্যান্ড অফিসে ‘সাইট রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ার’ হিসেবে ক্যারিয়ার শুরু করেন। দীর্ঘ ৩ বছর ৯ মাস গুগলে দায়িত্ব পালনের পর এবার তিনি মাইক্রোসফটের মতো শীর্ষ সংস্থায় উচ্চপদে যোগ দিলেন। সোহান জানান, তাঁর এই ক্যারিয়ার গঠনে বড় ভাই শাহেদ শাহরিয়ারের দিকনির্দেশনা বড় ভূমিকা রেখেছে; যিনি নিজেও বর্তমানে গুগলের আয়ারল্যান্ড (ডাবলিন) শাখায় কর্মরত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *