কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। এতে বাসে থাকা অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। আজ বুধবার (১৭ জুন) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির সিকদার জানান, ঢাকাগামী বিআরটিসি বাসটি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় ইলিয়টগঞ্জ বাজার এলাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় বাসটি সড়কের মাঝখানের আইল্যান্ডে (বিভাজক) উঠে গিয়ে একপর্যায়ে উল্টে যায়। বাসটি উল্টে যাওয়ার সাথে সাথে ভেতরে থাকা যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অন্তত ১০ জন যাত্রী কম-বেশি আহত হন।
দুর্ঘটনার শিকার বাসের এক যাত্রী সে সময়ের বর্ণনা দিয়ে বলেন, হঠাৎ করেই বাসটি দুলতে শুরু করে। কিছু বুঝে ওঠার আগেই এটি আইল্যান্ডে ধাক্কা খেয়ে উল্টে যায়। তখন বাসের ভেতরের সবাই চিৎকার করতে থাকেন। পরে স্থানীয় লোকজন ছুটে এসে আমাদের উদ্ধার করেন।
হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে দ্রুত সরিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। তবে দুর্ঘটনার পরও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।