ময়মনসিংহের তারাকান্দায় পুকুরের পানিতে ডুবে সুরাইয়া আক্তার (১৪) নামে নবম শ্রেণীর এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার বিসকা ইউনিয়নের খিচা সীমানাবর্তী শিমুলিয়া ভান্ডারী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুরাইয়া বিসকা ইউনিয়নের লালমা গ্রামের মৃত আসাদুল ইসলামের মেয়ে। সে খিচা গ্রামে তার নানা লাল মিয়ার বাড়িতে থেকে স্থানীয় একটি বিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়াশোনা করত।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুরে পুকুর পাড়ে যায় সুরাইয়া। সেখানে অসাবধানতাবশত পা পিছলে সে গভীর পানিতে তলিয়ে যায়। উপস্থিত লোকজন টের পেয়ে তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়।
সংবাদ পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল বিকেল ৪টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হাফিজুর রহমানের নেতৃত্বে ডুবুরি মো. সুজন মিয়া দীর্ঘ দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যা ৬টায় তার নিথর দেহ উদ্ধার করেন।
স্টেশন অফিসার হাফিজুর রহমান বলেন, প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।