মধ্যরাতে কুষ্টিয়া কোর্ট স্টেশনে বোমাতঙ্ক, পরিত্যক্ত ব্যাগে মিললো ইটের টুকরা

কুষ্টিয়া কোর্ট স্টেশন ভবনে মধ্যরাতে পরিত্যক্ত দুটি শপিং ব্যাগকে ঘিরে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে স্টেশনের নকশীকাঁথা মেইল ও শাটল ট্রেনের টিকিট কাউন্টারের সামনে মুখ বাঁধা অবস্থায় ব্যাগ দুটি পড়ে থাকতে দেখা যায়।

পুলিশ জানিয়েছে, স্টেশনের টিকিট কাউন্টারের পাশে দুটি ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ব্যাগের ভেতরে বিস্ফোরক বা সন্দেহজনক কোনো বস্তু থাকতে পারে—এমন আশঙ্কায় তারা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে কুষ্টিয়া মডেল থানার পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ব্যাগ দুটি উদ্ধার করে বালতির ভেতর পানিতে ভিজিয়ে রাখে। আড়াই ঘণ্টা পর ব্যাগ দুটি কেটে দেখা যায়, তার মধ্যে কয়েকটি ইটের টুকরো রয়েছে।

কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসাইন জানান, ব্যাগ দুটি দেখে বোমাসদৃশ মনে হলেও তাতে কোন বিস্ফোরক বা বোমা জাতীয় বস্তু পাওয়া যায়নি। ব্যাগের ভেতর কয়েকটি ইটের টুকরা পাওয়া গেছে। কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর লক্ষ্যেই এ কাজ করেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে বোমা সদৃশ বস্তু উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *