মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে বেসামরিক নাগরিকদের চরম মূল্য দিতে হচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি)। সংস্থার সভাপতি মিরজানা স্পোলজারিক এক বিবৃতিতে এই অঞ্চলে অবিলম্বে সংঘাত কমিয়ে আনার জোরালো আহ্বান জানান। খবর আল জাজিরার।
আইসিআরসি প্রধান বলেন, মধ্যপ্রাচ্যে সামরিক অভিযানের কারণে সাধারণ মানুষ অগ্রহণযোগ্য মাশুল দিচ্ছে। সাম্প্রতিক দিনগুলোতে সৌদি আরবে হতাহত ও ধ্বংসযজ্ঞের ঘটনা বেসামরিক জনগণের ওপর যুদ্ধের ভয়াবহ প্রভাবের আরেকটি বড় উদাহরণ।
ইয়েমেনের পরিস্থিতি তুলে ধরে মিরজানা স্পোলজারিক জানান, এডেন ও সানাসহ বিভিন্ন এলাকায় মৃত্যুর হার, বাস্তুচ্যুতি ও বেসামরিক অবকাঠামোর ক্ষতি উদ্বেগজনক হারে বাড়ছে। এছাড়া পুরো মধ্যপ্রাচ্যজুড়েই বারবার বেসামরিক স্থাপনাগুলোতে হামলা হচ্ছে ও প্রাণহানি ঘটছে।
স্পোলজারিক বলেন, হামলা থেকে বেসামরিক নাগরিক ও তাদের প্রয়োজনীয় বস্তু সুরক্ষিত রাখতে হবে। সংঘাতে জড়িত পক্ষগুলোকে সর্বদা বেসামরিক নাগরিক, বেসামরিক বস্তু ও সামরিক লক্ষ্যের মধ্যে পার্থক্য করতে হবে। তিনি বলেন, বন্দর, বিমানবন্দর ও অন্যান্য অত্যাবশ্যকীয় অবকাঠামোতে হামলা সাধারণ মানুষের জীবনযাত্রাকে মারাত্মক ঝুঁকিতে ফেলছে।
মিরজানা স্পোলজারিক আরও বলেন, শত্রুতা আরও বাড়লে তা কোটি কোটি মানুষের জন্য বিপর্যয়কর ডেকে আনবে। বেসামরিক লোকজনকে রক্ষা করতে ও সংঘাত নিরসনে অবিলম্বে জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে জানান তিনি।