ভোট দিয়ে কী বার্তা দিলেন মিঠুন চক্রবর্তী?

ভারতের পশ্চিমবঙ্গে চলছে দ্বিতীয় দফার বিধানসভার নির্বাচনী লড়াই। বুথে বুথে সাধারণ মানুষের দীর্ঘ সারি। সেই সারিতেই বুধবার সকালে দেখা গেল এক চিরচেনা পরিচিত মুখ তারকা মিঠুন চক্রবর্তীকে। বেলগাছিয়ার একটি ভোটকেন্দ্রে সাধারণ নাগরিকের মতোই লাইনে দাঁড়িয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন তিনি। গত দেড়-দুই মাস ধরে বিজেপির হয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিরামহীন প্রচার চালানোর পর, ভোটের দিন তাঁর উপস্থিতিতে যেমন ছিল গ্ল্যামার, তেমনি ছিল রাজনৈতিক আত্মবিশ্বাসের ছাপ।

এদিন ভোটকেন্দ্রে মিঠুন চক্রবর্তীর উপস্থিতি ছিল নজরকাড়া। চোখে কালো রোদচশমা, গায়ে কালো পাঞ্জাবি, মাথায় কালো টুপি আর গলায় জড়ানো ছিল গেরুয়া উত্তরীয়। প্রবীণ এই অভিনেতা তাঁর চিরচেনা স্টাইল বজায় রেখেই বুথে প্রবেশ করেন। তবে তারকা সুলভ ইগো দূরে সরিয়ে তিনি সাধারণ মানুষের সাথে অপেক্ষা করেন এবং গণতান্ত্রিক অধিকার পূরণ করেন। ভোট দিয়ে বেরিয়ে নির্বাচন কমিশনের ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেন এই অভিনেতা।

ভোট দিয়ে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মিঠুন চক্রবর্তী শোনালেন আশার কথা। তিনি বলেন, “আর পাঁচটা সাধারণ নাগরিকের মতোই ভোট দিলাম। সুষ্ঠুভাবে নির্বাচন করানোর জন্য আমি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাব।” গত দফার বিপুল ভোট পড়ার হারের কথা উল্লেখ করে তিনি ইঙ্গিতপূর্ণভাবে বলেন, “প্রথম দফায় প্রায় ৯২ শতাংশ ভোট পড়েছিল। এই দফাতেও আশা করছি তেমনই ভোট পড়বে। এত ভোট পড়লে বুঝে নিন কী হতে চলেছে!” তাঁর এই ‘বুঝে নিন’ মন্তব্যের মধ্যেই আগামীর রাজনৈতিক ফলাফলের প্রতি প্রবল আত্মবিশ্বাস খুঁজে পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

কেবল মিঠুন চক্রবর্তীই নন, এদিন সকাল থেকেই টলিউডের একঝাঁক তারকাকে ভোটকেন্দ্রে দেখা গেছে। অভিনেতা রঞ্জিত মল্লিক, জিৎ, আবীর চট্টোপাধ্যায় থেকে শুরু করে রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও কোয়েল মল্লিকরাও সকাল সকাল নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তারকাদের এই উপস্থিতি সাধারণ ভোটারদেরও উৎসাহিত করছে। তবে সব ছাপিয়ে মিঠুন চক্রবর্তীর গেরুয়া উত্তরীয় আর আত্মবিশ্বাসী মন্তব্যই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *