ফাইল ছবি
অন-অ্যারাইভাল ভিসার সম্প্রসারণ থেকে শুরু করে সম্পত্তি ভিসার হালনাগাদ নিয়ম পর্যন্ত ২০২৬ সালে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) প্রবেশ এবং বসবাসের অনুমতিতে কিছু বড় পরিবর্তন এনেছে। সম্প্রতি দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি (আইসিপি) এবং দুবাই কর্তৃপক্ষ পর্যটক, বাসিন্দা ও সম্পত্তি বিনিয়োগকারীদের জন্য এই নতুন নিয়মগুলো চালু করেছে। খবর খালিজ টাইমসের।
অন-অ্যারাইভাল ভিসার আওতা বৃদ্ধি
সংযুক্ত আরব আমিরাতের প্রবেশ ভিসার নিয়ম আরও সহজ করেছে দেশটির ফেডারেল অথরিটি (আইসিপি)। নতুন নিয়ম অনুযায়ী, পূর্বে শুধু ভারতীয়দের জন্য চালু থাকা ১৪ দিন ও ৬০ দিন মেয়াদের বিশেষ ভিসার সুবিধা এখন ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, কেনিয়া ও দক্ষিণ আফ্রিকার নাগরিকরাও পাবেন। এছাড়া আবেদনকারীদের কাছে এখন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড অথবা কানাডার যেকোনো একটি দেশের বৈধ রেসিডেন্স পারমিট বা বসবাসের অনুমতিপত্র থাকলেও এই সুবিধা পাওয়া যাবে।
৪৮ ঘণ্টায় দুবাই ট্যুরিস্ট ভিসা
দুবাই ভ্রমণের পরিকল্পনা করা পর্যটকরা এখন মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে তাদের সিঙ্গেল-এন্ট্রি ট্যুরিস্ট ভিসা অনুমোদন করিয়ে নিতে পারবেন। ৩০ থেকে ৬০ দিনের জন্য বৈধ এই ট্যুরিস্ট ভিসাগুলো অনুমোদিত পর্যটন অফিসের মাধ্যমে পাওয়া যাবে বলে দুবাইয়ের জেনারেল ডিরেক্টরেট অফ আইডেন্টিটি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স (জিডিআরএফএ) জানিয়েছে।
সম্পত্তি বিনিয়োগকারীদের জন্য নতুন রেসিডেন্সি নিয়ম
দুবাই কর্তৃপক্ষ দুই বছরের সম্পত্তি-ভিত্তিক রেসিডেন্সি পারমিট মঞ্জুর করার জন্য শর্তাবলী আপডেট করেছে। সংশোধিত নিয়ম অনুসারে, একক বিনিয়োগকারীদের জন্য আগের সর্বনিম্ন ৭ লাখ ৫০ হাজার দিরহাম মূল্যের সম্পত্তির প্রয়োজনীয়তা তুলে দেওয়া হয়েছে। তবে আবেদনকারীকে অবশ্যই সম্পত্তির একমাত্র মালিক হতে হবে। আর সম্পত্তিটি যৌথ মালিকানাধীন হলে, রেসিডেন্সি ভিসার জন্য প্রত্যেক বিনিয়োগকারীকে অবশ্যই কমপক্ষে ৪ লাখ দিরহাম মূল্যের শেয়ারের মালিক হতে হবে।
জরিমানা থেকে অস্থায়ী অব্যাহতি
আঞ্চলিক আকাশপথ বন্ধ ও ফ্লাইট বিঘ্নিত হওয়ার কারণে যেসব দর্শনার্থী অতিরিক্ত অবস্থান করেছিলেন, তাদের জরিপানা থেকে অব্যাহতির জন্য ৩০ দিনের একটি গ্রেস পিরিয়ড ঘোষণা করেছে আইসিপি। ব্যতিক্রমী পরিস্থিতি শেষ হয়ে যাওয়ায় যোগ্য ব্যক্তিদের আগামী ৯ জুলাইয়ের আগে তাদের ভিসার অবস্থা সংশোধন করতে হবে অথবা সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে হবে।
স্মার্ট মেডিকেল ভিসা চালু
চিকিৎসার জন্য আমিরাতে ভ্রমণকারী রোগীদের জন্য দুবাই একটি ‘স্মার্ট মেডিকেল ভিসা’ এবং আরও নির্বিঘ্ন পরিষেবা চালু করতে যাচ্ছে। এই উদ্যোগের লক্ষ্য হলো মেডিকেল পর্যটকদের জন্য একটি সমন্বিত স্বাস্থ্যসেবা যাত্রা তৈরি করা, যা রোগীদের দুবাইতে পৌঁছানোর আগে থেকে শুরু করে চিকিৎসা এবং ফলো-আপ পর্যন্ত ভিসা ও রেসিডেন্সি পরিষেবাকে সংযুক্ত করবে।
ইবোলা-আক্রান্ত ৩ দেশের ভিসা স্থগিত
ইবোলা ভাইরাসের বিস্তার রোধ করতে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদানের নাগরিকদের জন্য নতুন ভিসা প্রদান স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত। জাতীয় জরুরি সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনসিইএমএ) এবং আইসিপি এই সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে। এই স্থগিতকরণ গত ৬ জুন, ২০২৬ থেকে কার্যকর হয়েছে এবং স্বাস্থ্য পরিস্থিতির ওপর নির্ভর করে এর মেয়াদ বাড়ানো হতে পারে।
সংযুক্ত আরব আমিরাত ভিসা দুবাই ভ্রমণ
sn/sks