ভারতে ক্লাস নিচ্ছেন পলাতক সাবেক এমপি প্রাণ গোপাল

জুলাই-আগস্টের গণআন্দোলনের মুখে পতন ঘটে তৎকালীন আওয়ামী লীগ সরকারের। এরপর থেকেই আত্মগোপনে যান ওই সরকারের মন্ত্রী-এমপিরা। অনেকেই পালিয়ে পার্শ্ববর্তী দেশে অবস্থান নেন। এদের একজন  কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সাবেক সংসদ সদস্য ও চিকিৎসক অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। প্রায় ২ বছর পর এই চিকিৎসকের খোঁজ মিলেছে ভারতের এক রাজ্যে। 

তিনি বর্তমানে ভারতের ত্রিপুরার একটি মেডিকেল কলেজে পাঠদান করছেন বলে জানা গেছে। কলেজটির ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি সামনে আসে।

শনিবার (২৭ জুন) সকালে ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজের এক স্টাফ নার্স বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, ডা. প্রাণ গোপাল দত্ত ওই প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন। তবে কতদিন ধরে তিনি সেখানে পাঠদান করছেন, সে বিষয়ে নির্দিষ্ট তথ্য জানাতে পারেননি। 

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিস্তারিত জানানো সম্ভব বলে উল্লেখ করেন তিনি।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আধুনিক শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সামনে বক্তব্য দিচ্ছেন ডা. প্রাণ গোপাল দত্ত। তার পেছনের ডিজিটাল বোর্ডে চিকিৎসাবিজ্ঞান-সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রদর্শিত হচ্ছিল। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি নাক-কান-গলা (ইএনটি) সম্পর্কিত একটি বিষয়ে ক্লাস নিচ্ছিলেন।

দীর্ঘদিন তার অবস্থান সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য না মিললেও, সাম্প্রতিক ভিডিও প্রকাশের পর তিনি ভারতে অবস্থান করছেন বলে ধারণা স্পষ্ট হয়েছে।

ডা. প্রাণ গোপাল দত্তের বিরুদ্ধে দেশে একাধিক মামলা হয়েছে বলে জানা যায়। প্রসঙ্গত, অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত নাক-কান-গলা রোগের বিশেষজ্ঞ। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বর্তমান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়)-এর সাবেক উপাচার্য। পরে তিনি রাজনীতিতে যুক্ত হয়ে আওয়ামী লীগের প্রার্থী হয়েছে কুমিল্লা-৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। 

এসএন/কে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *