ব্রাদার্সকে হারিয়ে শীর্ষে কিংস, জয়ী মোহামেডানও

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিএফএল) ফুটবলে আবারও এককভাবে শীর্ষে উঠে এলো বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। গতকাল ফর্টিস এফসিকে হারিয়ে আবাহনীকে ছুঁয়ে ফেললেও আজ ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে এককভাবে শীর্ষস্থান পুনরুদ্ধার করল কিংসরা।

আজ শনিবার (২৫ এপ্রিল) লিগ ম্যাচে ঘরের মাঠ কিংস অ্যারেনায় ব্রাদার্সকে ১-০ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। দিনের অন্য ম্যাচে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে পিডব্লিউডি স্পোর্টস ক্লাবকে ৩-১ গোলে হারিয়েছে মোহামেডান।

কিংস অ্যারেনায় আজ কিংসের জয়ের নায়ক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েলটন গোমেজ। এই জয়ের ফলে ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে কিংস। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আবাহনী লিমিটেড। অন্যদিকে, ১৪ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে উঠে এসেছে মোহামেডান। 

ব্রাদার্সের বিপক্ষে কিংসের জয়ের ব্যবধানটা অনেক বড় হতে পারতো, কিন্তু গোলপোস্টের নিচে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন গোলরক্ষক ইসহাক আকন্দ। প্রায় ৬ ফুট লম্বা এই গোলকিপার ডরিয়েলটনের হেড ও শট মিলিয়ে অন্তত চারটি নিশ্চিত গোল ঠেকিয়ে দেন।

জাতীয় দলের প্রাথমিক তালিকায় ডাক পাওয়া এই গোলকিপারের প্রশংসায় পঞ্চমুখ সাবেক তারকা আশরাফুল ইসলামও। গ্যালারিতে বসে কিংসের মিডফিল্ডার মোহাম্মদ হৃদয়কেও বলতে শোনা গেল, ‘ইসহাক প্রতি ম্যাচেই উন্নতি করছে।’

ম্যাচের একমাত্র গোলটি আসে ২২ মিনিটে। সাদ উদ্দিনের চমৎকার ক্রস থেকে সহজেই বল জালে জড়িয়ে দেন ডরিয়েলটন। লিগে এটি তাঁর ১৪তম গোল। 

অন্যদিকে, মোহামেডানের নতুন কোচ আবদুল কাইয়ুম সেন্টুর অধীনে লিগ ও ফেডারেশন মিলিয়ে এটি সাদা-কালোদের টানা তৃতীয় জয়।

ম্যাচের ১৫ মিনিটে জুয়েল মিয়ার গোলে এগিয়ে যায় মোহামেডান। তবে ৮৫ মিনিটে সেই গোল শোধ করে ম্যাচ জমিয়ে তোলে পিডব্লিউডি।

ড্রয়ের শঙ্কা যখন জেঁকে বসেছে, তখনই ৮৯ মিনিটে পেনাল্টি পায় মোহামেডান। স্পট কিক থেকে গোল করেন উজবেক তারকা মোজাফফরভ। যোগ করা সময়ে রাফায়েল টুডু আরও একটি গোল করলে বড় জয় নিশ্চিত হয় মোহামেডানের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *