চতুর্থ বোর্ড সভায় বসেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটি। তামিম ইকবালের নেতৃত্বে এই সভায় বিসিবির আগামী নির্বাচন এবং জেলা পর্যায়ের ক্রিকেট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ বুধবার (৬ মে) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির অফিসে এই সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বিসিবির মিডিয়া বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সিদ্ধান্তগুলো জানায়।
বিসিবির আগামী নির্বাচনের কাজ এখন পুরোদমে শুরু হয়েছে। এবারের সভায় তিনটি ক্যাটাগরিতে মোট ১৯২ জন কাউন্সিলর নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। সেজন্য বিভিন্ন ক্লাব, অ্যাসোসিয়েশন ও সংগঠনের তালিকা চূড়ান্ত করেছে বিসিবি।
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, খুব দ্রুতই এসব প্রতিষ্ঠানকে চিঠি পাঠিয়ে কাউন্সিলরদের নাম চাওয়া হবে। প্রতিষ্ঠানগুলোকে আগামী ১৬ মে’র মধ্যে তাদের মনোনীত কাউন্সিলরদের নাম জমা দিতে হবে। মূলত এই কাউন্সিলররাই ভোটের মাধ্যমে বিসিবির পরবর্তী নেতৃত্ব বেছে নেবেন।
তৃণমূল পর্যায়ে ক্রিকেটের মান বাড়াতে দেশের ৬৪টি জেলাতেই নতুন কোচ নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বর্তমানে যারা দায়িত্ব পালন করছেন, তাদের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুনদের বাছাই করা হবে। এই নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করতে একটি মূল্যায়ন কমিটি গঠন করা হয়েছে।
এছাড়ও সভায় আম্পায়ারদের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ৩০ এপ্রিল আম্পায়ারদের চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। নতুন করে আরও ৩ মাসের জন্য চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে।
বিসিবির সর্বশেষ নির্বাচনে অনিয়মের অভিযোগে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড ভেঙে দিয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এরপর তিন মাসের জন্য এই অ্যাডহক কমিটি গঠন করা হয়। বর্তমান কমিটির মূল লক্ষ্য একটি স্বচ্ছ নির্বাচন আয়োজন করা।