প্রায় ৯ বছর আগে পূর্ব বাড্ডা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানারাত বিশ্ববিদ্যালয়ের বিবিএ’র ছাত্র নাসিম আহাম্মদ ইমাদ উদ্দিন হত্যার দায়ে বন্ধু আসিফ শিকদারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তাওহীদা আক্তার এই রায় দেন।
আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) তানজীল হোসেন ভূঁইয়া এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বিচারক মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন।
নথি থেকে জকানা গেছে, ২০১৭ সালের ৫ নভেম্বর রাত ৯টার দিকে নাসিম পূর্ব বাড্ডা পোস্ট অফিস গলির মনিরের ফ্লেক্সিলোডের দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় লোকজন দোকানে চেঁচামেচি করছিল। নাসিম তাদের চিৎকার, চেঁচামেচি থামাতে বলেন। সেখানে উপস্থিত রমজান নাসিমকে জানান, তারা টিভিতে খেলা দেখা নিয়ে বাজি ধরছে। নাসিম তাদের বাজি না ধরতে ও চিৎকার, চেঁচামেচি করতে নিষেধ করে। বিষয়টি নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে রমজানকে থাপ্পড় মারে আসিফ। বিষয়টি নিয়ে আসিফের বাসায় যান রমজানরা। তারা তাদের হুমকি-ধামকি দিয়ে আসেন। আসিফকেও ফোন করে হুমকি দেয় তারা। পরদিন সকাল সাড়ে ৯টার দিকে বাজার করতে বের হন আসিফ। বাসার নিচে নামার পর আসিফ নাসিমকে ছুরিকাঘাত করে। নাসিম দৌড়ে বাসার নিচে গিয়ে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নাসিমের বাবা গ্রিন ডেল্টা ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ডেপুটি ভাইস প্রেসিডেন্ট আলী আহাম্মদ সাইফুদ্দিন বাড্ডা থানায় মামলা করেন।