সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৭ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। এবারের নির্বাচনে পরিচালক পদে লড়ার ঘোষণা দিয়েছেন বর্তমান অ্যাড-হক কমিটির সভাপতি তামিম ইকবাল। আজ বৃহস্পতিবার (২১ মে) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে আসন্ন নির্বাচন ও নিজের পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন সাবেক এই অধিনায়ক।
তামিম জানান, নির্বাচনে জিততে হলে ভোটারদের মন জয় করাটাই এখন তার মূল লক্ষ্য। তিনি বলেন, ‘ভোটারদের কাছে গিয়ে আমাকে বলতে হবে আমি দেশের ক্রিকেটের জন্য কী করতে চাই বা চাই না। বাংলাদেশ ক্রিকেট নিয়ে আমার যে লক্ষ্য, সেটা তাদের সঙ্গে শেয়ার করতে হবে।’
বর্তমানে বিসিবির শীর্ষ পদে থাকার কারণে নির্বাচনে বাড়তি কোনো সুবিধা পাবেন কি না— এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘সভাপতি পদে থাকার কারণে আমার একটা বাড়তি সুবিধা (অ্যাডভান্টেজ) থাকবে, এটা আমি অস্বীকার করব না। তবে ভোটের মাঠে এই সুবিধা সবসময় কাজে আসে না। ভোটারদের কাছে গিয়েই আমাকে ভোট চাইতে হবে।’
স্বচ্ছতা বজায় রাখতে বর্তমান সভাপতি হওয়া সত্ত্বেও নির্বাচনি কোনো কার্যক্রমে নিজের প্রভাব খাটাচ্ছেন না বলে দাবি করেন তামিম। তিনি বলেন, ‘আমি নিজেকে পুরোপুরি নির্বাচনি প্রাতিষ্ঠানিক কাজ থেকে সরিয়ে নিয়েছি। পুরো বিষয় দেখভাল করছে নির্বাচন কমিশন। নিরপেক্ষতা বজায় রাখতে আমি বোর্ডের কোনো চিঠিতে সই করছি না, এমনকি কাউন্সিলরশিপ রিটার্নের কাজের সঙ্গেও যুক্ত নই।’
একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের আশা ব্যক্ত করে তামিম ইকবাল বলেন, ‘আমি আশা করি এবারের নির্বাচনটি পুরোপুরি উন্মুক্ত ও স্বচ্ছ হবে। সবাই এতে অংশগ্রহণ করবে এবং প্রার্থীরা যার যার মতো করে ভোটারদের কাছে গিয়ে নিজের জন্য ভোট চাইবে।’