বিসিবি নির্বাচনের তফসিল চ্যালেঞ্জের আবেদনে সাড়া দেননি হাইকোর্ট

আগামী ৭ জুন অনুষ্ঠিতব্য বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

আজ বুধবার (৩ জুন) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে শুনানিতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু, আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী ও মো. শফিকুল ইসলাম। জাতীয় ক্রীড়া পরিষদ ও বিসিবির পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস ও আইনজীবী মাহিন এম রহমান।

গত ১৮ মে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের জন্য কাউন্সিলর মনোনয়ন চেয়ে বিভিন্ন ক্লাবের কাছে পাঠানো নোটিশ প্রত্যাহারের দাবিতে ছয়জন কাউন্সিলর রিট করেন। রিটের বিবাদীরা হলেন– যুব ও ক্রীড়া সচিব, জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান, বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি, বিসিবির প্রধান নির্বাহী, বান্দরবান, খুলনা, লক্ষ্মীপুর, ফরিদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকা জেলার প্রশাসক।

রিটকারীরা হলেন– বিভিন্ন ক্লাবের চার বছরের জন্য মনোনীত কাউন্সিলর আরমানুল ইসলাম নয়ন, মো. নাঈম হাওলাদার, মো. এনামুল আহসান, মো. আবদুল্লাহ অর্ক, আকিব জাভেদ মুন্না ও মো. রাকিবুল ইসলাম। এ রিটের সঙ্গে সোমবার একটি সম্পূরক আবেদন করা হয়।

আবেদনে ঘোষিত তফসিলের কার্যক্রম ও আবেদনকারীদের নাম অন্তর্ভুক্ত করে নতুন ভোটার তালিকা প্রণয়নের নির্দেশনা চাওয়া হয়।

মঙ্গলবার (২ জুন) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হয়। গত ১৬ মে এক বিজ্ঞপ্তিতে বিসিবি পরিচালনা পরিষদ নির্বাচন-২০২৬ এর তফসিল ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়। বিজ্ঞপ্তিতে ৭ জুন পরিচালনা পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।

গত ১৭ মে বিকেল ৪টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। নির্বাচনে সরাসরি ভোটে ২৩ জন পরিচালক নির্বাচিত হবে। পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়নেও দুজন পরিচালক হবেন। ২৫ পরিচালকের ভোটে একজন সভাপতি নির্বাচিত হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *