বিশ্বকাপ সম্প্রচারস্বত্ব কেনায় বিটিভির ৭৩ কোটি টাকার ওপর ভ্যাট অব্যাহতি

চলমান ফিফা বিশ্বকাপ ২০২৬ এর ম্যাচ সম্প্রচারের জন্য বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ফিফার কাছ থেকে কেনা অল মিডিয়া রাইটসের বিপরীতে পরিশোধযোগ্য অর্থের ওপর মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) অব্যাহতি দিয়েছে সরকার। এ সুবিধা দিতে গিয়ে চারটি শর্তও আরোপ করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)।

সম্প্রতি জারি করা এক আদেশে আইআরডি জানিয়েছে, ২৩ জুন ২০২৬ থেকে এই ভ্যাট অব্যাহতি কার্যকর হবে। তবে এটি কেবল ফিফা বিশ্বকাপ ২০২৬ এর অল মিডিয়া রাইটস কেনার বিপরীতে বিটিভির পরিশোধযোগ্য অর্থের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনতে বিটিভির ব্যয় হচ্ছে ৭৩ কোটি টাকা। এর বিপরীতে ভ্যাট দিতে হবে না। এর আগে ৭ জুন অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এই ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী।

সরকারি তথ্যানুযায়ী, এবার বিটিভি ফিফার কাছ থেকে সরাসরি সম্প্রচারস্বত্ব কিনেছে। এতে ব্যয় হচ্ছে ৭৩ কোটি টাকা, যা আগের বিশ্বকাপের তুলনায় প্রায় ২৫ কোটি টাকা কম।

ভ্যাট অব্যাহতির চার শর্ত

আইআরডির আদেশে বলা হয়েছে— প্রথমত, ভ্যাট অব্যাহতি শুধু বিটিভির ফিফা বিশ্বকাপ ২০২৬ এর অল মিডিয়া রাইটস কেনার বিপরীতে পরিশোধযোগ্য অর্থের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

দ্বিতীয়ত, এ বাবদ পরিশোধিত অর্থের বিস্তারিত হিসাব-বিবরণী অর্থ পরিশোধের ১০ দিনের মধ্যে সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেটকে জমা দিতে হবে।

তৃতীয়ত, বিটিভির কোনও সাব-লাইসেন্সধারী প্রতিষ্ঠান এই ভ্যাট অব্যাহতির সুবিধা পাবে না।

চতুর্থত, বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব ছাড়া দেশের অভ্যন্তরে গ্রহণ করা অন্য কোনও সেবার ক্ষেত্রে এই ভ্যাট অব্যাহতি প্রযোজ্য হবে না।

আইআরডি বলেছে, বিশ্বকাপের সম্প্রচার নিশ্চিত করা এবং সরকারি সম্প্রচার মাধ্যমের ব্যয় কমানোর লক্ষ্যেই এই বিশেষ ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। তবে নির্ধারিত শর্ত যথাযথভাবে অনুসরণ করেই বিটিভিকে এ সুবিধা গ্রহণ করতে হবে।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *