বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন বিরোধী দল প্রত্যাখ্যান না করে অংশ নিয়েছে এটাই গণতন্ত্রের সৌন্দর্য।
আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন কমিশনে বিএনপির মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গয়েশ্বর এ কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, পর্যায়ক্রমে আমরা গণভোট বাস্তবায়ন করব। ভোট অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন হবে।
রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলামের নাম ঘোষণার পূর্বে সচিবালয়ে আলোচনা সভা করেন বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ; যেখানে প্রধানমন্ত্রী সহ স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সচিবালয়ে এমন বৈঠকের সমালোচনা করে জামায়াতে ইসলামী।
এ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এটা কোনো দলীয় মিটিং নয়, আমাদের আলোচনা। আগে থেকে নির্ধারণ করা আমাদের রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হচ্ছে। আমাদের প্রধানমন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছিল রাষ্ট্রপতি নাম ঘোষণার জন্যে। সেই হিসেবে আলোচনার জন্যই সচিবালয়ে বসা, এটি কোন দলীয় বৈঠক না।