বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে মোংলা বন্দরে এলএনজি স্টেশন করা হবে : নৌপরিবহণ মন্ত্রী

নৌপরিবহণ, সড়ক ও সেতু এবং রেল মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, মোংলা বন্দরের অদূরে আকরাম পয়েন্টে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) স্টেশন নির্মাণ করা হবে। সেখান থেকে ২৩ কিলোমিটার পাইপলাইন টেনে গ্যাস মোংলায় আনা হবে। এরপর মোংলায় সেই গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র করা হবে।

তিনি বলেন, মোংলা নদীর উপর ১০ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নে পরিকল্পনা রয়েছে। মোংলার বিশেষ অর্থনৈতিক জোনের কাজ অক্টোবরে শুরু হবে। এতে এখানকার ৬০ হাজার মানুষের কর্মসংস্থান হবে।

রোববার (১৬ আগস্ট) মোংলার স্থায়ী বন্দর বাস স্ট্যান্ডে পৌর বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, মোংলা বন্দরে নতুন জেটি নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। মোংলা বন্দরে কোল্ড স্টোরেজ করা হবে, মোংলা ইন্ডাস্ট্রিয়াল হাব হবে। এই সকল প্রচেষ্টার মধ্যে রয়েছে সরকার।

শেখ রবিউল আলম বলেন, এই সরকারের প্রধানমন্ত্রী জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ, আমরা দেশের উন্নয়ন নিশ্চিত করতে চাই। রাষ্ট্র ব্যবস্থাপনার আমূল পরিবর্তন করতে চাই, জনগণের কাছে দায়বদ্ধ থাকতে চাই, জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চাই। এটাই হচ্ছে বিএনপির রাজনীতি।

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম. এ সালাম, মোংলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, মোংলা উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, রামপাল উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন, মোল্লারহাট উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান, ফকিরহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল কামাল কারিম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *