বিদেশ সফরে যাচ্ছে ‘রকস্টার’, ‘রইদ’, ও ‘মালিক’

সাম্প্রতিক সময়ে দেশের চলচ্চিত্র শিল্পের গুরুত্ব বিদেশি বাজারে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে দেশীয় সিনেমা দেখার আগ্রহ দিন দিন বাড়ছে। নতুন কোনো সিনেমা মুক্তি পেলে প্রবাসী দর্শকরাও তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। এ কারণে সিনেমা নিয়ে দর্শকদের মধ্যে আলোচনা ও আগ্রহ তুঙ্গে থাকতেই নির্মাতারা বিদেশে সিনেমা মুক্তির উদ্যোগ নেন।

আজ শুক্রবার (৫ জুন) দেশের বাইরে মুক্তি পাচ্ছে কোরবানির ঈদে মুক্তি পাওয়া দুই সিনেমা ‘রকস্টার’ ও ‘রইদ’। এ ছাড়া আগামী সপ্তাহে মুক্তির তালিকায় রয়েছে ‘মালিক’।

আজ থেকে আমেরিকা-ইউরোপের ৪১টি প্রেক্ষাগৃহে দেখা যাবে রকস্টার। সিনেমাটি পরিবেশনার দায়িত্বে আছে স্বপ্ন স্কয়ারক্রো। প্রতিষ্ঠানটির কর্ণধার সজীব সপ্তক জানান, প্রথম সপ্তাহে কানাডার সাতটি, যুক্তরাষ্ট্রের ৩০টি ও যুক্তরাজ্যের চারটি থিয়েটারে রকস্টার সিনেমা চলবে।

একজন রকস্টারের জীবনের উত্থান-পতনের গল্প নিয়ে তৈরি হয়েছে রকস্টার। বানিয়েছেন আজমান রুশো। এতে আগুন নামের এক রকস্টারের চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। রকস্টারে শাকিবের নায়িকা সাবিলা নূর। শাকিবের সঙ্গে আরও আছেন তানজিয়া জামান মিথিলা ও সুনিধি নায়েক।

একই দিনে অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে মুক্তি পাচ্ছে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ সিনেমা । পর্যায়ক্রমে ব্রিসবেন, পার্থ, অ্যাডিলেড ও ক্যানবেরায় প্রদর্শিত হবে সিনেমাটি। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে পরিবেশনার স্বত্ব যৌথভাবে অধিগ্রহণ করেছে স্ক্রিন এক্সকোপ এবং দেশি ইভেন্টস।

রইদের গল্পে দেখা যাবে, প্রত্যন্ত জনপদে সাধু নামের এক যুবক মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে নিয়ে বসবাস করে। স্ত্রীর পাগলামির কারণে একসময় বিরক্ত হয়ে সাধু তাকে বাড়ি থেকে অনেক দূরে রেখে আসার চেষ্টা করে। কিন্তু প্রতিবারই যখন সাধু তাকে ফেলে চলে আসে, বাড়ির পাশের তালগাছ থেকে একটি করে তাল ঝরে পড়ে এবং তার স্ত্রী ঠিকই আবার বাড়ি ফেরার পথ খুঁজে নেয়। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি।

১৩ ও ১৪ জুন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ব্যাংকসটাউনে দেখা যাবে সাইফ চন্দন পরিচালিত মালিক। সিনেমাটি পরিবেশনা করছে বঙ্গজ ফিল্মস। ইতিমধ্যে শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি। 

পরিবেশক সংস্থা থেকে জানানো হয়েছে, প্রদর্শনীতে উপস্থিত থাকবেন মালিক সিনেমার নায়ক আরিফিন শুভ। এক জেদি যুবকের প্রতিশোধ, পারিবারিক আবেগ ও অপরাধজগতের একচ্ছত্র অধিপতি হয়ে ওঠার গল্প নিয়ে তৈরি হয়েছে মালিক। এতে শুভর বিপরীতে আছেন বিদ্যা সিনহা মিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *