বিদায়ের ইঙ্গিত দিয়ে যা বললেন ছাত্রদল সভাপতি রাকিব

অনেক বেশি সম্মান ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে—এমন মন্তব্য করে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃত্ব থেকে বিদায়ের ইঙ্গিত দিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিনগত রাত ১টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এই আবেগঘন মন্তব্য করেন। এর আগে রাজধানীর গুলশানে তারেক রহমানের রাজনৈতিক কার্যালয়ে ছাত্রদলের শীর্ষ পাঁচ নেতার এক বিদায়ী সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

ফেসবুক পোস্টে রাকিবুল ইসলাম লেখেন, আলহামদুলিল্লাহ! মহান রাব্বুল আলামিনের নিকট লাখো কোটি শোকরিয়া, অনেক বেশি সম্মান ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে। দীর্ঘ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালনে সুযোগ প্রদানের জন্য দেশনায়ক তারেক রহমান এবং মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি চির কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ছাত্রদলের বিদায়ী সভাপতি তার দীর্ঘ পোস্টটিতে বিএনপির সদ্য বিদায়ী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলসহ বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, ছাত্রদলের সাবেক দায়িত্বশীল, শিক্ষক-শিক্ষার্থী এবং সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ইউনিটের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। নিজের মেয়াদের সফলতা হিসেবে তিনি জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সমন্বয় করে রাজপথে বীরোচিত ভূমিকা পালনের কথা উল্লেখ করেন। পাশাপাশি ক্যাম্পাসে ইতিবাচক ছাত্র রাজনীতি চর্চা ও সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষায় তার কমিটির ভূমিকার কথা তুলে ধরেন।

নিজের ভবিষ্যতের বিষয়ে ইঙ্গিত দিয়ে তিনি লেখেন, একটা নতুন জীবন শুরু করতে চাই। নিজেকে আরও বেশি পরিশুদ্ধ, মানবিক ও সৎ মানুষ হিসেবে গড়তে চাই। দায়িত্ব পালনকালীন সময়ে আমার ভুলত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল।

পোস্টের শেষে ছাত্রদলের পরবর্তী নেতৃত্বকে সবাই সাদরে গ্রহণ করবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করে নতুন কমিটিকে স্বাগত জানানোর আহ্বান জানান রাকিবুল ইসলাম রাকিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *