বিজ্ঞাপন দিয়ে পাত্রী খুঁজছেন আরিফিন শুভ, পাত্র কেয়া পায়েল!

দেশের জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। পর্দায় নানা চরিত্রে প্রেমে পড়েছেন, বিয়ে করেছেন, সংসারও করেছেন। কিন্তু বাস্তব জীবনে এবার কি সত্যিই জীবনের নতুন ইনিংস শুরুর প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেতা? কারণ, পত্রিকার পাতায় বিজ্ঞাপন দিয়ে নাকি পাত্রী খুঁজছেন আরিফিন শুভ!

বিষয়টি শুনতে যতটা চমকপ্রদ, রহস্যটা তার চেয়েও মজার। সম্প্রতি ফেসবুকে চোখে পড়েছে ‘পাত্রী চাই’ বিজ্ঞাপন। সেখানে পাত্র হিসেবে নাম দেওয়া হয়েছে ‘আনিসুর রহমান আনিস’। বয়স ৩৫, পেশায় সরকারি প্রকৌশলী। বিজ্ঞাপনে তাঁর গুণেরও কমতি নেই—নম্র, সৎ, দায়িত্বশীল, এমনকি রান্নাতেও পারদর্শী!

পাত্রের জন্য চাওয়া হয়েছে সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী পাত্রী। শুধু সুন্দরী হলেই হবে না, পাত্রের ছোট ভাই-বোনের দায়িত্ব নেওয়ার মতো অভিভাবকসুলভ পাত্রীকেই দেওয়া হবে অগ্রাধিকার।

এতক্ষণ পর্যন্ত বিষয়টি একেবারেই সাধারণ বিয়ের বিজ্ঞাপন। কিন্তু আসল চমক ছবিতে। ‘আনিসুর রহমান আনিস’-এর ছবির জায়গায় যে মুখটি দেখা যাচ্ছে, সেটি আর কারও নয়—নায়ক আরিফিন শুভর!

তাহলে কি সত্যিই বিয়ের জন্য পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছেন শুভ? ব্যক্তিজীবনে সিঙ্গেল এই নায়কের জন্য কি এবার পাত্রী খোঁজার মিশন শুরু হয়েছে? নাকি পর্দার কোনো গল্প ঢুকে পড়েছে বাস্তবের পাতায়?

শুভকে ঘিরে রহস্য অবশ্য এখানেই শেষ নয়। একই জায়গায় প্রকাশিত হয়েছে আরেকটি বিজ্ঞাপন—‘পাত্র চাই’। সেখানে পাত্রীর নাম ‘অনামিকা অনু’। বয়স ২৪, অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী। নৃত্যকলায় পারদর্শী, ট্রেন্ডি ও ইনফ্লুয়েন্সার তরুণীর জন্য প্রয়োজন সৎ ও বোঝদার সুপাত্র।

তবে পাত্র নির্বাচনে বেশ আধুনিক শর্তও আছে—ফটোজেনিক ও ‘পিন্টারেস্ট পারফেক্ট’ পাত্রকে বিশেষ অগ্রাধিকার!

আর এই ‘অনামিকা অনু’র ছবির জায়গায়? সেখানে আবার দেখা যাচ্ছে অভিনেত্রী কেয়া পায়েলকে।

এখন দুই আর দুইয়ে চার মেলানো খুব কঠিন নয়। একদিকে আরিফিন শুভর নামে পাত্রী চাই, অন্যদিকে কেয়া পায়েলের নামে পাত্র চাই। দুজনেরই ব্যক্তিজীবন বর্তমানে সিঙ্গেল। তাহলে কি পত্রিকার পাতায় শুরু হওয়া এই পাত্র-পাত্রীর গল্পে শুভ আর পায়েলই একে অন্যের কাঙ্ক্ষিত জীবনসঙ্গী?

নাকি পুরো ব্যাপারটাই অন্য কোনো গল্পের অংশ?

বিজ্ঞাপনের একেবারে নিচে ছোট্ট করে লেখা আছে—‘বিজ্ঞাপনী স্বার্থে প্রচারিত’। এই ছোট্ট লাইনটিই যেন পুরো রহস্যের দরজা খুলে দিচ্ছে।

জানা গেছে, আরিফিন শুভ ও কেয়া পায়েল অভিনীত সিনেমা ‘হ্যাপিলি ম্যারিড’-এর প্রচারণার অংশ হিসেবেই এমন অভিনব আয়োজন। সিনেমায় শুভর চরিত্রের নাম আনিস, আর কেয়া পায়েলের চরিত্র অনামিকা। তাই পত্রিকার পাতায় আনিসুর রহমান আনিস ও অনামিকা অনুর বিয়ের বিজ্ঞাপন, সঙ্গে শুভ-পায়েলের ছবি—সব মিলিয়ে প্রচারণার খেলাটাও বেশ জমে উঠেছে।

তবে বিজ্ঞাপন দেখে যারা শুভর জন্য পাত্রী খোঁজার কাজে নেমে পড়েছিলেন, তাদের আপাতত একটু থামতেই হচ্ছে। কারণ, পত্রিকার পাতায় যে বিয়ের আয়োজন শুরু হয়েছে, সেটি বাস্তবের নাকি সিনেমার—সেই উত্তর মিলবে ‘হ্যাপিলি ম্যারিড’-এর গল্পেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *