বিজিবির অভিযানে ৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালান জব্দ

চলতি বছরের বিগত নয় মাসে কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ ও শ্রীমঙ্গল- এই চার সেক্টর নিয়ে গঠিত বিজিবির সরাইল রিজিয়নের আওতাধীন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৯৩১ কোটি ২৭ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ করা হয়েছে। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ২৩টি আগ্নেয়াস্ত্র, ১৯ কেজি বিস্ফোরক, বিপুল পরিমাণ মাদক এবং বালু-পাথর।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে উত্তর-পূর্ব সরাইল রিজিয়নের পক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সরাইল রিজিয়নের দায়িত্বপূর্ণ ১ হাজার ২০৪ কিলোমিটার সীমান্ত এলাকায় ৪টি সেক্টরের ১৩টি ব্যাটালিয়নের ২১১টি বিওপি ক্যাম্প গত জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত অভিযান পরিচালনা করে। এসব অভিযানে ১১টি পিস্তল, ৭টি এয়ারগান, ৫টি পাইপগান ও ৬২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এর পাশাপাশি ১৯ কেজি উচ্চ বিস্ফোরক, ১১৭টি ডেটোনেটর এবং ৩০ মিটার ডেটোনেটর তার উদ্ধার করা হয়।

মাদকবিরোধী অভিযানে ৩ লাখ ১ হাজার পিস ইয়াবা, ১৩ হাজার কেজি গাঁজা, ৬২ হাজার ৬০০ বোতল বিদেশি মদ ও বিয়ার, ১৫ হাজার ৫৮১ বোতল ফেনসিডিল ও ইস্কাফ সিরাপ, ৩ লাখ ৭৩ হাজার ৫০০ পিস বিভিন্ন প্রকার যৌন উত্তেজক ট্যাবলেট এবং ১৬৯ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোট ৩০৫ জনকে আটক করা হয়েছে। এছাড়া প্রাকৃতিক পরিবেশ সুরক্ষায় ১৫ হাজার ৯০০ ঘনফুট পাথর ও ৭ হাজার ৩০০ ঘনফুট বালু জব্দ করা হয়।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় দুর্গত মানুষের মাঝে খাদ্য, চিকিৎসা ও ওষুধ বিতরণ করেছে বিজিবি। দুর্গম এলাকাগুলোতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে জরুরি ত্রাণসামগ্রীও পৌঁছে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *