বিএনপি পুরোনো কাঠামোয় ফেরার পাঁয়তারা করছে : সারজিস

বিএনপি পুরোনো কাঠামোয় ফেরার পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে ফেনীর একটি মিলনায়তনে এনসিপি জেলা শাখার সাংগঠনিক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, বিএনপির গুমবিরোধী অধ্যাদেশকে আওয়ামী লীগ সরকারের সময়ে প্রচলিত আইনের চেয়েও দুর্বলভাবে উপস্থাপন করা হচ্ছে। শুধু গুম নয়, মানবাধিকার-সংক্রান্ত যেসব অধ্যাদেশ তারা বাতিল করেছে, সেগুলোও আগের অবস্থাতেই ফিরিয়ে আনা হচ্ছে। তাহলে যেসব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংস্থা বা সদস্যদের বিরুদ্ধে গুমের অভিযোগ রয়েছে, তাদের কাছেই যদি অভিযোগ দিতে বলা হয়, মামলা করতে বলা হয় এবং তাদের দিয়েই তদন্ত করানো হয়—এর চেয়ে বড় প্রহসন আর কী হতে পারে?

সারজিস আলমের দাবি, বিএনপির প্রতি জনগণের আস্থা কমছে। জুলাই সনদ তো দূরের কথা, নিজেদের ঘোষিত ৩১ দফার সঙ্গেও দলটি প্রতারণা করেছে।

সারজিস আরও  বলেন, তৃণমূল পর্যায়ে স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি প্রার্থী দেবে। বিএনপি এমন একটি রাজনৈতিক ফাঁদ তৈরি করেছে, যাতে অংশ নিলেও দোষ, আবার অংশ না নিলেও দোষ।

জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে রাষ্ট্রপতি নির্বাচনের সময় বিএনপির সুযোগ ছিল মন্তব্য করে সারজিস বলেন, দলটি সেই সুযোগ কাজে লাগায়নি।

এনসিপির এই নেতা বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং বিদ্যুৎ-গ্যাসসহ জ্বালানি সংকট মোকাবিলায় সরকার নিদারুণভাবে ব্যর্থ হয়েছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজাউদ্দিন এবং ফেনী জেলা কমিটির আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকতসহ দলটির নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *