চুয়াডাঙ্গা সদর উপজেলার ঘোড়ামারা ব্রিজ সংলগ্ন এলাকায় এক সড়ক দুর্ঘটনায় আকিব হোসেন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (৪ জুন) রাত পৌনে ৮টার দিকে ঝড়-বৃষ্টির মধ্যে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের ঘোড়ামারা ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আকিব হোসেন চুয়াডাঙ্গা শহরের ইসলামপাড়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে এবং বেনহাম ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বিক্রয় প্রতিনিধি (মেডিকেল রিপ্রেজেন্টেটিভ) হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘোড়ামারা ব্রিজ এলাকায় দ্রুতগতির ‘পূর্বাশা পরিবহণে’র একটি যাত্রীবাহী বাস ও আকিব হোসেনের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আকিব গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, এই দুর্ঘটনার জেরে উত্তেজিত জনতা রাত সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা শহরের কানাপুকুরপাড় এলাকায় ক্ষোভ প্রকাশ করেন। এসময় আলমডাঙ্গা থেকে চুয়াডাঙ্গাগামী পূর্বাশা পরিবহণের একটি এসি বাসে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে বাসটির সামনের গ্লাস ভেঙে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, নিহত যুবকের মরদেহ বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।