বাসচাপায় ঘরে ফেরা হলো না মোটরসাইকেল আরোহী ৩ স্কুলছাত্রের

বরিশালের উজিরপুরে যাত্রীবাহী সুরভী পরিবহণের একটি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী তিন স্কুলছাত্রের ঘরে ফেরা হলো না। ঢাকা-বরিশাল মহাসড়কের আটিপাড়া এলাকায় বাসের চাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোররা হলো আটিপাড়ার কবির ঢালীর ছেলে সৌরভ ঢালী (১৪), একই গ্রামের তাওহীদ ইসলাম (১৩) এবং পাশের ধামসর গ্রামের মনির হোসেনের ছেলে মোস্তাকিন (১৪)।

নিহত তিনজনই আটিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও এসএসসি পরীক্ষার্থী ছিল।

উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন জানান, তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে ঘুরতে বের হয়েছিল। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারা আটিপাড়া এলাকায় পৌঁছালে ঢাকাগামী সুরভী পরিবহণের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের চালক সৌরভ ঢালী এবং দুই আরোহী মোস্তাকিন ও তাওহীদ ঘটনাস্থলেই মারা যায়।

দুর্ঘটনার খবর পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।

পুলিশ দুর্ঘটনার সঙ্গে জড়িত সুরভী পরিবহণের বাসটি আটক করলেও চালক ও বাসের স্টাফরা পালিয়ে গেছে।

দুর্ঘটনার পর প্রায় আধা ঘণ্টা ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।

ফারুক হোসেন জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *