রাজধানীর উত্তরায় বাবার সামনে থেকে ফিল্মি স্টাইলে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণের মামলায় আসামি লামিন ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (৫ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি এ আদেশ দেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) তাহমিনা আক্তার এ তথ্য নিশ্চিত করেন।
এসআই তাহমিনা আক্তার বলেন, আজ ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে আজ আসামি লামিনকে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) ফরিদুজ্জামান।
নথি থেকে জানা গেছে, গত ১ মে দেড়টার দিকে গাজীপুরের পুবাইল থানাধীন একটি এলাকা থেকে লামিন ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। একই সময় অপহৃত শিক্ষার্থীকেও উদ্ধার করা হয়। সে উত্তরা গার্লস স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। পরে আসামি লামিনকে এক দিনের রিমান্ডে পাঠানো হয়।
এজাহার থেকে জানা গেছে, গত ২২ এপ্রিল দুপুর আড়াইটার দিকে পরীক্ষা শেষে বাবার সঙ্গে বাসায় ফেরার পথে উত্তরা পূর্ব থানাধীন সেক্টর-৬ এলাকায় পৌঁছালে আসামি লামিন ইসলাম ও তার সহযোগীরা জোরপূর্বক ওই ছাত্রীকে একটি প্রাইভেটকারে তুলে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। ওই ঘটনায় ভুক্তভোগীর বাবা উত্তরা পূর্ব থানায় অপহরণ মামলা করেন।