বাবার শেষ, ছেলের সূচনা!

একজনের সিনেমার শেষ অধ্যায়, আরেকজনের স্বপ্নের প্রথম পাতা। যেন রিলে রেসের মঞ্চে বাবার হাত থেকে ছেলের হাতে উঠে যাচ্ছে দায়িত্বের ব্যাটন।

তিনি থালাপাতি বিজয় দক্ষিণ ভারতের সুপারস্টার, যিনি অভিনয় ছেড়ে এখন রাজনীতির ময়দানে। কিন্তু সিনেমা তাঁকে এখনও ছাড়েনি। তাঁর শেষ সিনেমা ‘জন নায়াগান’ মুক্তির অপেক্ষায়। নানা জটিলতা পেরিয়ে আগামী ২৪ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। এরই মধ্যে আগাম টিকিট বিক্রিতে দেখা দিয়েছে উন্মাদনা।

থালাপাতি বিজয়

আর ঠিক এই সময় বাবার জনপ্রিয়তার ছায়া পেরিয়ে নিজের পরিচয় তৈরি করতে মাঠে নামছেন বিজয়ের একমাত্র ছেলে জেসন সঞ্জয়। তাঁর প্রথম পরিচালিত সিনেমা ‘সিগমা’ মুক্তির কথা থাকলেও ‘জন নায়াগান’এর প্রচারের কথা মাথায় রেখে ছবিটির মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে।

তবে জেসনের পথটা শুধুই তারকা সন্তানের পরিচয়ে তৈরি নয়। নিজেকে আলাদা পরিচয়ে গড়ে তুলতেই তিনি কানাডার টরন্টো ফিল্ম স্কুল থেকে ফিল্ম মেকিং এবং লন্ডনের সেন্ট্রাল ফিল্ম স্কুল থেকে চিত্রনাট্য লেখার ওপর পড়াশোনা করেছেন।

‘সিগমা’ হতে যাচ্ছে অ্যাকশন, অ্যাডভেঞ্চার ও ক্রাইম-কমেডির মিশেলে তৈরি এক ভিন্নধারার সিনেমা। ছবিতে অভিনয় করেছেন সন্দীপ কিষাণ, ফারিয়া আবদুল্লাহসহ আরও অনেকে।

বিজয়ের ছেলে জেসন সঞ্জয়

সহকর্মীদের মতে, জেসন প্রথমবার পরিচালনা করলেও তাঁর কাজের ধরন একজন অভিজ্ঞ নির্মাতার মতো। শান্ত স্বভাব, স্পষ্ট ভাবনা আর কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি নিজের জায়গা তৈরি করতে চাইছেন।

বাবার শেষ সিনেমার আবেগের মাঝেই ছেলের নতুন যাত্রা শুরু হচ্ছে। থালাপাতি বিজয়ের উত্তরাধিকার এবার নতুন রূপে ধরা দিতে চলেছে জেসন সঞ্জয়ের হাত ধরে।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *