বাংলাদেশের কাছে হেরে যা বললেন অস্ট্রেলিয়ার অধিনায়ক

ঘরের মাটিতে বাংলাদেশের বিপক্ষে পুরো টেস্ট ম্যাচে কোথাও নিজেদের খুঁজে পায়নি স্বাগতিকরা। একমাত্র ক্যামেরন গ্রিনের প্রতিরোধ ছাড়া আর কেউ সেভাবে লড়তেই পারেননি। চার দিনের লড়াইয়ে ১১টি সেশনের পুরোটা জুড়েই রাজত্ব করেছে বাংলাদেশের বোলার ও ব্যাটাররা। ৯ উইকেটের ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

ঘরের মাটিতে এমন হারের পর ম্যাচ শেষে বাংলাদেশকে নিয়ে অকপটে নিজেদের ভুল স্বীকার করেছেন অসি অধিনায়ক প্যাট কামিন্স। ম্যাচের পর সংবাদ সম্মেলনে টাইগার ক্রিকেটারদের প্রশংসায় ভাসিয়েছেন অসি অধিনায়ক। হারের মূল কারণ হিসেবে প্রথম দিনের ব্যাটিং ব্যর্থতাকেই দুষছেন তিনি।

কামিন্স বলেন, ‘সম্ভবত প্রথম দিনেই ম্যাচ আমাদের হাত থেকে বেরিয়ে গেছে। আমাদের প্রস্তুতি একদম ঠিকঠাক ছিল, তাই কোনো অজুহাত দেওয়ার উপায় নেই। বাংলাদেশ সত্যিই দুর্দান্ত খেলেছে। আমাদের আরও লম্বা সময় ধরে ব্যাট করার উপায় বের করা দরকার ছিল, আর বল হাতেও আমরা কাঙ্ক্ষিত চাপ তৈরি করতে পারিনি।’

দলের ব্যাটিং লাইনআপ নিয়ে হতাশা প্রকাশ করে অসি অধিনায়ক বলেন, ‘এ ধরনের প্রতিটি ম্যাচের পরেই আমাদের কৌশল ও পারফরম্যান্স নিয়ে নতুন করে ভাবতে হয়। এইমাত্র ম্যাচ শেষ হলো, তাই বিষয়টি নিয়ে আমরা আরও পর্যালোচনা করব।’

তবে দ্রুতই ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করে কামিন্স বলেন, ‘আমরা মানসিকভাবে শক্তিশালী এবং ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আমাদের রয়েছে।’

পুরো ম্যাচে বাংলাদেশের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করে কামিন্স স্বীকার করেন যে, ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—তিন বিভাগেই তারা সফরকারীদের চেয়ে অনেক পিছিয়ে ছিলেন। তিনি বলেন, ‘বাংলাদেশ সব দিক থেকেই আমাদের চেয়ে ভালো ক্রিকেট খেলেছে। তাদের খেলোয়াড়রা ছিল অনেক বেশি ধৈর্যশীল ও শৃঙ্খলাবদ্ধ।’

অস্ট্রেলিয়ার হয়ে একামাত্র লড়াই করতে পেরেছিলেন কেবল ক্যামেরন গ্রিন। একপ্রান্ত আগলে রেখে সেঞ্চুরি করেছিলেন তিনি। সেটি নাহলে হয়তো ইনিংস ব্যবধানেই হারতে হতো অস্ট্রেলিয়াকে। এমন পারফরম্যান্সের পর গ্রিনের প্রশংসা করেছেন কামিন্স।

কামিন্স বলেন, ‘গ্রিন যেভাবে ব্যাট করেছে, তাতেই বোঝা যায় সে কতটা উঁচুমানের একজন ক্রিকেটার। তবে দুর্ভাগ্যজনকভাবে তার ওই ইনিংসের সময় উইকেটে অন্যপ্রান্তে আমাদের আর কেউ তাকে যোগ্য সঙ্গ দিতে পারেনি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *