বাঁশ কাটতে গিয়ে ভীমরুলের কামড়ে স্বামীর মৃত্যু, স্ত্রী আইসিইউতে

গাজীপুরের শ্রীপুরে নিজ বাড়ির পাশের বাঁশঝাড়ে বাঁশ কাটতে গিয়ে আক্রমণাত্মক ভীমরুলের কামড়ে শ্রী স্বপন দাস (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে তার স্ত্রী রত্না রানী দাস ঢাকার একটি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

নিহত স্বপন দাস শ্রীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের স্বর্গীয় নরেন্দ্র দাসের ছেলে এবং তিনি স্থানীয় সার্বজনীন দুর্গাপূজা কমিটির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত ১১টার দিকে ঢাকার শিন শিন জাপান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রতিবেশী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সকালের দিকে শ্রী স্বপন দাস বাড়ির পাশের বাঁশঝাড়ে বাঁশ কাটতে যান। এ সময় অসাবধানতাবশত সেখানে থাকা একটি বিশাল ভীমরুলের বাসা ভেঙে গেলে ক্ষিপ্ত হয়ে ভীমরুলের ঝাঁক তাদের ওপর চড়াও হয়। ভীমরুলের কামড়ে স্বপন দাস, তার স্ত্রী রত্না রানী দাস এবং তাদের ভাগিনা সজীব দাস গুরুতর আহত হন।

পরিবারের সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাদের গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে অবস্থার আরও অবনতি হওয়ায় দম্পতিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় শিন শিন জাপান হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে স্বপন দাসের মৃত্যু হয়। তার গুরুতর আহত স্ত্রী বর্তমানে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন এবং ভাগিনা সজীব গাজীপুরে চিকিৎসাধীন আছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর ডা. শফিকুল ইসলাম এটিকে একটি অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক দুর্ঘটনা বলে অভিহিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *