বঙ্গোপসাগরে ভারতের ওড়িশার পারাদীপ উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে ২৪ নাবিক নিয়ে পানামার পতাকাবাহী পণ্যবাহী জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও এক বাংলাদেশিসহ বাকি ২২ নাবিক নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে ভারতীয় কোস্ট গার্ড ও ভারতীয় নৌবাহিনী যৌথভাবে বিশাল তল্লাশি অভিযান শুরু করেছে। খবর ইন্ডিয়া টুডের।
ডুবে যাওয়া ‘এমভি ওশান উইনার’ নামের বিশালাকার এই বাল্ক ক্যারিয়ার জাহাজটিতে ২০ জন চীনা, তিনজন মিয়ানমারের ও একজন বাংলাদেশি নাবিক ছিলেন। জাহাজটি ওড়িশার পারাদীপ বন্দর থেকে লোহার আকরিক (আয়রন ওর) বোঝাই করে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছিল। কিন্তু পথিমধ্যে শনিবার (২২ আগস্ট) জাহাজটির সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে জাহাজটি পানিতে তলিয়ে যায়।
জরুরি তথ্য পাওয়ার পর ইন্ডিয়ান কোস্ট গার্ডের মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার (এমআরসিসি) নিকটবর্তী ‘এমটি আইসোপোস’ নামের একটি বাণিজ্যিক জাহাজকে দুর্ঘটনাস্থলে পাঠায়। উক্ত বাণিজ্যিক জাহাজটি দুটি লাইফরাফ্ট থেকে দুই নাবিককে জীবিত উদ্ধার করে। তবে উদ্ধার হওয়া দুই নাবিকের নাম-পরিচয় জানা না যাওয়ায় নিখোঁজ বাংলাদেশি নাবিকের বর্তমান অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
বর্তমানে নিখোঁজ ২২ জন নাবিককে উদ্ধারে ভারতীয় কোস্ট গার্ডের তিনটি জাহাজ ‘বরদ’, ‘আনমোল’ ও ‘বিজীত’ কাজ করছে। সেই সঙ্গে ওই সমুদ্রসীমায় চলাচলকারী অন্যান্য বাণিজ্যিক জাহাজগুলোকেও সতর্ক থেকে উদ্ধারকাজে সহায়তা করার নির্দেশ দেওয়া হয়েছে। কী কারণে বা কোন পরিস্থিতিতে জাহাজটি আচমকা ডুবে গেল, তা এখনো স্পষ্ট নয়।