বকেয়া পরিশোধ না করায় ইরানি বিমান আটক করল তুরস্ক

ক্যাস্পিয়ান এয়ারলাইন্সের বিমান। ফাইল ছবি

৩মিলিয়ন ইউরো (প্রায় ৩৪ লাখ মার্কিন ডলার) বকেয়া দেনা পরিশোধ না করার অভিযোগে ইরানের ‘ক্যাস্পিয়ান এয়ারলাইন্সের’ একটি বোয়িং ৭৩৭ বিমান জব্দ করেছে তুরস্ক। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) আরব নিউজে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার (২৮ সেপ্টেম্বর) ইস্তাম্বুল বিমানবন্দর থেকে তেহরানগামী বিমানটি যাত্রী তোলা শেষে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সে সময় আদালতের দেওয়া বাজেয়াপ্তকরণ আদেশের ভিত্তিতে বিমানটির যাত্রা স্থগিত করে সেটিকে আটকে রাখা হয়।

এ বিষয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ক্যাস্পিয়ান এয়ারলাইন্সের এক বিবৃতিতে জানানো হয়, ইস্তাম্বুল বিমানবন্দর কর্তৃপক্ষের সেবা বাবদ ৩ মিলিয়ন ইউরোর দেনাসংক্রান্ত ‘প্রশাসনিক জটিলতার’ কারণে তাদের একটি বোয়িং বিমানে সাময়িক পরিচালনাগত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। পরবর্তীতে যাত্রীদের বিমান থেকে নামিয়ে আনা হয় এবং দেনা সংক্রান্ত প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এদিকে ইরানি বিমান সংস্থাগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নতুন আরোপিত নিষেধাজ্ঞার সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক নেই বলে নিশ্চিত করেছে সংবাদমাধ্যমগুলো। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

বর্তমানে ইরান এয়ারসহ একাধিক ইরানি এয়ারলাইন্স তুরস্ক ও ইরানের মধ্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা চালু রাখলেও আঙ্কারার অনুরোধে বড় পণ্য পরিবহণকারী প্রতিষ্ঠান ‘মহান এয়ার’ সম্প্রতি তুরস্কে তাদের সমস্ত ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে।

sn/sks

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *